বকেয়া দাবিতে ২ দিন ধরে শ্রমিক বিক্ষোভ, কারখানা কর্মকর্তা আহত
গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে ২ দিন ধরে বিক্ষোভ করছেন ইউনিক ওয়াশিং অ্যান্ড ডায়িং লিমিটেড কারখানার শ্রমিকরা।
বিক্ষোভের মধ্যে শ্রমিকদের একাংশের হামলায় বড়বাড়ি কলমেশ্বর এলাকার ওই কারখানাটির এক কর্মকর্তা আহত হয়েছে বলে জানা গেছে।
আজ শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, শ্রমিকরা কারখানার ভেতরে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করছেন।
শ্রমিকরা জানায়, চলতি মাসসহ গত ৩ মাসের বেতন বকেয়া থাকায় গতকাল বৃহস্পতিবার থেকে তারা বিক্ষোভ শুরু করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক দ্য ডেইলি স্টারকে বলেন, 'আশ্বাস দিলেও মালিকপক্ষ বেতন পরিশোধ করেনি। সবশেষ ১৪ মে বকেয়া পরিশোধ করা হবে বলে জানানো হয়েছিল। সেদিন টাকা না পাওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে তারা কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন।'
শ্রমিকরা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। পরে শ্রমিকরা সড়ক ছেড়ে আবার কারখানায় ফিরে যান।
জানতে চাইলে কারখানার ম্যানেজার (অ্যাডমিন) মো. মিজানুর ডেইলি স্টারকে বলেন, 'শ্রমিকরা ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছেন। গতকাল থেকে তারা কারখানার ভেতরে বিক্ষোভ করছেন। শ্রমিকদের হামলায় আমি আহত হয়েছি।'
বৃহস্পতিবার রাতে তিনি কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে দাবি করেন।
তিনি বলেন, 'মালিকপক্ষের আরও একটি কারখানা ছিল, যেটি বিভিন্ন সমস্যার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে। ওই কারখানার শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়েছে। ওই কারখানার জমি বিক্রির চেষ্টা চলছে। আশা করা যাচ্ছে ঈদের আগেই এই কারখানার শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে।'
কারখানাটিতে প্রায় এক হাজারের বেশি শ্রমিক রয়েছে বলে জানা গেছে। বিক্ষোভের মধ্যে বাংলাদেশ গার্মেন্টস ও সুয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়নের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক জালাল হাওলাদারকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান ডেইলি স্টারকে বলেন, 'শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান করছেন। বিষয়টি সমাধানে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে।'