জাবি সিনেটে উঠছে ইসলামিক স্টাডিজ ইনস্টিটিউটের প্রস্তাব
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রস্তাবিত ইনস্টিটিউট অব ইসলামিক স্টাডিজ অ্যান্ড থিওলজির সংবিধি আগামী শনিবার অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের ৪৩তম বার্ষিক সিনেট সভায় বিবেচনার জন্য উপস্থাপন করা হচ্ছে।
প্রস্তাবটি অনুমোদন পেলে ইনস্টিটিউটটির অধীনে ছয়টি নতুন একাডেমিক বিভাগ চালুর সুযোগ সৃষ্টি হবে।
প্রস্তাবিত বিভাগগুলো হলো—আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, ইসলামিক ল, ফিকহ অ্যান্ড জুরিসপ্রুডেন্স, ইসলামিক ফিলোসফি, এথিকস অ্যান্ড কম্পারেটিভ রিলিজিয়ন এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার।
বিশ্ববিদ্যালয়ের নথি অনুযায়ী, গত বছরের ২৩ জুন একাডেমিক কাউন্সিলের ১৩৯তম সভায় ইনস্টিটিউটটির কাঠামো প্রণয়নের লক্ষ্যে একটি সুপারিশ কমিটি গঠন করা হয়। দুই দিন পর ২৫ জুন সিন্ডিকেটের ৩১৫তম সভায় কমিটিটি অনুমোদন পায়।
পরবর্তীতে ২০ নভেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৪০তম সভায় কমিটির সুপারিশ উপস্থাপন করা হয়। এরপর ৪ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় তা অনুমোদনের সুপারিশ করা হয়। সব প্রক্রিয়া শেষে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রস্তাবটি শনিবার সিনেট সভায় তোলা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে সুপারিশ কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম আব্দুর রব দ্য ডেইলি স্টারকে বলেন, প্রস্তাবটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সিনেটে অনুমোদিত হলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন ছাড়া কোনো ইনস্টিটিউট বা বিভাগ চালু করা যাবে না, কারণ এর সঙ্গে আর্থিক বিষয় জড়িত।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান ডেইলি স্টারকে বলেন, আলোচনা শেষে সিনেটই ইনস্টিটিউট ও প্রস্তাবিত বিভাগগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
‘সিনেট সদস্যদের যৌক্তিক মতামত ও সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে’, বলেন তিনি।