র্যাগিংয়ের অভিযোগে জাবির ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
র্যাগিংয়ের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের ৫৪তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০২৪–২৫) ১২ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ জুলাই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ মাঠে র্যাগিংয়ের একটি ঘটনা ঘটে। সেখানে ইতিহাস বিভাগের ৫৪তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী একই বিভাগের ৫৫তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০২৫–২৬) কয়েকজন নবীন শিক্ষার্থীকে ডেকে নিয়ে গালিগালাজ, কান ধরানো ও ‘ম্যানার’ শেখানোর নামে বিভিন্নভাবে র্যাগিং ও মানসিক নির্যাতন করেন।
এতে আরও বলা হয়, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ, ২০১৮’ এর ৫(ঙ) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেকোনো ধরনের টিজিং, র্যাগিং বা নির্যাতনমূলক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ। ওই অধ্যাদেশ লঙ্ঘনের দায়ে অধ্যাদেশের ৪(১)(খ) ধারা অনুযায়ী অভিযুক্ত ১২ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—নাছিম উদ্দিন মজুমদার, মো. মাহফুজুর রহমান অন্ত, আব্দুল্লাহ মাহদী, শুভাশীষ রায় প্রান্ত, মো. আবু আবতাহী অনিক, মো. রায়হান খান, মো. নাঈমুল হাসান, মো. ইসফাক হাদী, নাঈম আহমেদ সজিব, কার্তিক চন্দ্র রায়, কাজী শাহ জামশেদ আলম নাবিল এবং সাইফুল্লাহ মানসুর আনান।