শিক্ষক ও সাংবাদিক শাহেদ কামাল মারা গেছেন
জ্যেষ্ঠ সাংবাদিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অবসরপ্রাপ্ত খণ্ডকালীন শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সুরাইয়া বেগম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রখ্যাত কবি সুফিয়া কামালের ছেলে শাহেদ কামাল ১৯৫৭ সালে সাংবাদিকতা পেশায় যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কাজ করেছেন।
১৯৭৬ সালে খণ্ডকালীন শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে যোগ দেন শাহেদ কামাল।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় প্রেসক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।
আগামীকাল দুপুর আড়াইটায় জাতীয় প্রেসক্লাবে শাহেদ কামালের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।