ডিনের পদ ছাড়লেন জবি অধ্যাপক আইনুল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক আইনুল ইসলাম।
আজ রোববার ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন। তার স্থলাভিষিক্ত হিসেবে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাওলী মাহবুবকে নতুন ডিন নিয়োগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে অধ্যাপক আইনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, এ ধরনের অপ্রীতিকর পরিস্থিতিতে আমার পক্ষে ডিন হিসেবে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। সে কারণেই আমি পদত্যাগ করেছি।
পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে উপাচার্যের কাছে জানতে পারেন। এর বেশি আমি কিছু বলতে পারব না।
জানতে চাইলে জবি উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন ডেইলি স্টারকে বলেন, আইনুল ইসলাম ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। আমি তার পদত্যাগপত্র গ্রহণ করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছি।
গত ৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে অধ্যাপক ড. আইনুল ইসলামকে সামজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে গত ১২ জুলাই তিনি ডিন হিসেবে যোগদান করেন।
দায়িত্ব নেওয়ার পাঁচ দিন পর গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের নিজকক্ষ থেকে অধ্যাপক আইনুলকে বের করে দেন শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্রশক্তির নেতাকর্মী ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের অভিযোগ, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় আওয়ামীপন্থী শিক্ষকদের কয়েকটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ৩ আগস্ট গণভবনে অনুষ্ঠিত একাধিক বৈঠকে অংশ নেন আইনুল ইসলাম। এর পরদিন ৪ আগস্ট তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে নীল দলের ব্যানারে একটি মানববন্ধন করেন।
প্রসঙ্গত, অধ্যাপক আইনুল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও নীল দলের সভাপতি ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেন। তবে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ১১ আগস্ট তিনি পদত্যাগ করেন।