কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার পরিষদের সংঘর্ষে আহত ১৫, আমির হামজার গাড়ি ভাঙচুরের অভিযোগ
কুষ্টিয়া শহরে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার গাড়ি ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে।
আজ শনিবার সন্ধ্যায় শহরের ছয় রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ‘গণঅধিকার পরিষদ দুইজনের দল’ সম্প্রতি আমির হামজার এমন বক্তব্য দেওয়ার প্রতিবাদে তার বাড়ির সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেন দলটির কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক। বিকেল ৫টা থেকে গণঅধিকার পরিষদের নেতাকর্মী সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমির হামজার গাড়ি সেখানে পৌঁছালে উত্তেজনা ছড়ায়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
আমির হামজা ডেইলি স্টারকে বলেন, ‘গণঅধিকারের খালেক ও তৌকির আমার গাড়িতে হামলা করেন। তাদের লোকজন হকিস্টিক, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে হামলা চালান। ইটের আঘাতে গাড়ি ভেঙে আমার চাচার পা কেটে গেছে। আমিও কপালে আঘাত পেয়েছি। আমার দলের সাতজন আহত হয়েছেন।’
তিনি বলেন, ‘এখন হাসপাতালে যাচ্ছি। সেখান থেকে ফিরে হত্যাচেষ্টার মামলা করব। খালেককে ১ নম্বর ও তৌকিরকে ২ নম্বর আসামি করব।’
এ বিষয়ে জানতে চাইলে গণঅধিকারের কুষ্টিয়া শাখার সাংগঠনিক সম্পাদক তৌকির ডেইলি স্টারকে বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে তারা অতর্কিত হামলা চালিয়েছে। আমাদের সেক্রেটারির অফিস ভাঙচুর করেছে। দলের অন্তত ৮-১০ জন আহত হয়েছেন।’
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক ডা. ইকবাল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, সংঘর্ষে আহত তিনজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। সেখানে বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।