নতুন পে-স্কেলে কতটা সুবিধা বাড়বে পেনশনারদের
সরকারি চাকরিজীবীদের প্রতীক্ষিত নতুন পে-স্কেল অনুমোদন পেয়েছে। নতুন এই স্কেলে কর্মরত ২৪ লাখ চাকরিজীবীর মূল বেতন শতভাগ বা তার চেয়েও বেশি বাড়ছে। তাদের সঙ্গে সুবিধা বাড়ছে ৯ লাখ পেনশনভোগীরও।
মন্ত্রিসভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, নতুন স্কেলে প্রথম থেকে ১১তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ১০০ শতাংশ বাড়ছে। আর ১২ থেকে ২০তম গ্রেডের বেতন বাড়ছে ১১৫ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত। এর ফলে ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে দাঁড়াচ্ছে ২০ হাজার টাকায়। অন্যদিকে, প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে হবে ১ লাখ ৫৬ হাজার টাকা। বর্ধিত বেতনের আর্থিক সুবিধাগুলো চার ধাপে পর্যায়ক্রমে যুক্ত হবে।
এই নতুন বেতনকাঠামো বাস্তবায়নের ফলে সরকারের কোষাগার থেকে বছরে ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা বাড়তি ব্যয় হবে।
পেনশনারদের জন্য যে সুবিধা
নির্বাচনী ইশতেহার অনুযায়ী, সরকার ‘এক গ্রেড এক পেনশন’ ব্যবস্থা চালু করতে চায়। সামরিক ও বেসামরিক—উভয় খাতের চাকরিজীবীদের জন্যই একই সঙ্গে এই ব্যবস্থা কার্যকর করা হবে।
তবে এই ব্যবস্থা একবারে বাস্তবায়ন করতে সরকারের বিশাল অঙ্কের অর্থের প্রয়োজন। এ ছাড়া ২০১৯ সালের আগে অবসর নেওয়া বেসামরিক কর্মচারীদের সম্পূর্ণ তথ্য-উপাত্তও সরকারের কাছে নেই। এ কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছে, এটি এখনই পুরোপুরি কার্যকর না করে ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
তবে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে স্ল্যাব বা স্তরভিত্তিক পদ্ধতিতে পেনশনভোগীদের পেনশনের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যাদের মাসিক নিট পেনশন ৯ হাজার টাকা বা তার কম, তাদের পেনশন বাড়বে ১০০ শতাংশ। যাদের মাসিক পেনশন ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকার মধ্যে, তাদের বাড়বে ৭৫ শতাংশ। এ ছাড়া ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত যারা পেনশন পান, তাদের বাড়বে ৬৫ শতাংশ; ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের বাড়বে ৬০ শতাংশ এবং যাদের পেনশন ৪০ হাজার ১ টাকার বেশি, তাদের পেনশন বাড়বে ৫৫ শতাংশ হারে।

