অপ্রতিমের হত্যাকারীদের দ্রুত বিচারের ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকায় আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার মতোই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সন্তান ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার বিচার দ্রুততম সময়ে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আদালত বিচার পরিচালনা করবেন এবং দ্রুত অভিযোগপত্র দাখিলসহ বিচারপ্রক্রিয়ার সব আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আদালত বিচার পরিচালনা করবেন। অভিযোগপত্র দাখিলসহ সব আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিচার দ্রুত শেষ করতে আমরা সহযোগিতা করব।’
তিনি আরও বলেন, ‘রামিসা হত্যার বিচার যেভাবে দ্রুততম সময়ে শেষ হয়েছে, আমরা আশা করি বিচার বিভাগ অপ্রতিম হত্যার বিচারও স্বল্পতম সময়ে শেষ করার উদ্যোগ নেবে।’
এ ঘটনায় দেশবাসী মর্মাহত হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার ১২ ঘণ্টার মধ্যে সব আসামিকে গ্রেপ্তার এবং আলামত জব্দ করে পুলিশ প্রশংসনীয় কাজ করেছে।
তিনি জানান, এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ইতোমধ্যে অপরাধের দায় স্বীকার করেছে।
সালাহউদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতরা অনেকটা কিশোর অপরাধ চক্রের মতো। তাদের বয়স অপ্রতিমের চেয়ে পাঁচ থেকে ১০ বছর বেশি। তাদের সঙ্গে অপ্রতিমের ভালো সম্পর্ক ছিল এবং তারা প্রায়ই একসঙ্গে সময় কাটাত।
এদিকে দুটি পৃথক জানাজা শেষে অপ্রতিমের মরদেহ দাফন করা হয়েছে।
কুমিল্লা নগরের কোটবাড়ী-গন্ধমতী এলাকা থেকে নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর গতকাল বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।
অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগম ও কোটবাড়ী-গন্ধমতী এলাকার বাসিন্দা ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র ছেলে। সে কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এর আগে গত ৭ জুন ঢাকার পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি সোহেল রানাকে মৃত্যুদণ্ড দেন ঢাকার একটি ট্রাইব্যুনাল। একই মামলায় অপরাধে সহযোগিতার দায়ে তার স্ত্রী স্বপ্না খাতুনকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়।
হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মধ্যে ওই মামলার বিচার শেষ হয়।

