চুয়েটে ভিসি বদল: আজও চলছে শাটডাউন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য (ভিসি) হিসেবে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল এবং নতুন উপাচার্য নিয়োগের গেজেট বাতিলের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
আজ বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটি সত্ত্বেও শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও প্রশাসনিক ভবনে তালা দেন তারা। একইসঙ্গে দাবির সমর্থনে গণস্বাক্ষর কর্মসূচিতেও অংশ নেন।
এদিকে নতুন উপাচার্য হিসেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নিয়োগ দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নতুন গেজেট বাতিলের দাবি জানিয়েছে চুয়েট শিক্ষক সমিতি।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল হাসান এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
অধ্যাপক আবু সাদাতকে সরিয়ে অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই পরিস্থিতির সূত্রপাত।
গতকালও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও শাটডাউন কর্মসূচি পালন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। সকাল ১০টার দিকে একাডেমিক ভবনের সামনে মানববন্ধন করেন শিক্ষকরা। পরে দুপুর ১২টার দিকে শহীদ মিনার এলাকায় সংবাদ সম্মেলন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মানববন্ধনে চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক বশির জিসান গতকাল বলেন, ‘তিনি (বিদায়ী উপাচার্য) শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন। সরকার সবকিছু বিশ্লেষণ করেই তাকে নিয়োগ দিয়েছিল। তাহলে আবার কেন ভিসিকে সরিয়ে দেওয়া হলো? এতে আমাদের শিক্ষকসমাজ ও চুয়েটকে ছোট করা হয়েছে। এ কারণেই শিক্ষার্থীরা তাকে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন করছেন, আমরাও করছি।’
শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।