সুষ্ঠু তদন্তে দায়ীদের শাস্তি এবং দ্রুত পূরিপূর্ণভাবে ইন্টারনেট সচলের দাবি সম্পাদক পরিষদ ও নোয়াবের

স্টার অনলাইন রিপোর্ট

দেশের চলমান সাংঘর্ষিক পরিস্থিতিতে হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছে সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব)।

নোয়াব সভাপতির কার্যালয়ে অনুষ্ঠিত এডিটরস কাউন্সিলের সভা শেষে মঙ্গলবার সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম ও নোয়াব সভাপতি এ. কে. আজাদের পাঠানো বিবৃতিতে বলা হয়, 'এ ঘটনায় বেশ কয়েকজন 
সাংবাদিক প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন প্রায় শতাধিক সাংবাদিক ও ফটোসাংবাদিক। এখনও সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছেন।'

সম্পাদক পরিষদ ও নোয়াব মনে করে, 'গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্ব নিতে হবে।'

সাংঘর্ষিক ঘটনায় প্রাণহানি, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক এসব ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ ও নোয়াব।

'একই সঙ্গে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য রাষ্ট্রসহ সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা রয়েছে' বলেও মনে করে সম্পাদক পরিষদ ও নোয়াব।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, 'গত বৃহস্পতিবার রাত থকে সারা দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ। এতে দ্রুত সংবাদ আদান-প্রদান ও তথ্য যাচাইয়ের কাজ ব্যাহত হচ্ছে। অর্থনীতিও মারাত্বকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্পাদক পরিষদ ও নোয়াব মনে করে, এভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধে তথ্যগত ব্ল্যাকআউটের আশঙ্কা তৈরি হয়। এর ফলে গত কয়েকদিনে গুজব ও মিথ্যা এবং ভিত্তিহীন তথ্য দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। মঙ্গলবার রাত থেকে ইন্টারনেট পরিষেবা পরীক্ষামূলকভাবে চালু করার সিদ্ধান্তকে সম্পাদক পরিষদ ও নোয়াব সাধুবাদ জানায়। শিগগির পূর্ণাঙ্গরূপে ইন্টারনেট সচল করার এবং ভবিষ্যতে এমন পরিস্থিতিতেও গণমাধ্যমগুলোতে যেন ইন্টারনেট পরিষেবা নিশ্চিত থাকে, সেই দাবি জানাচ্ছে সম্পাদক পরিষদ ও নোয়াব।'

সভায় উপস্থিতি ছিলেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, সমকালের প্রকাশক এ. কে. আজাদ, প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, দৈনিক ইনকিলাবের সম্পাদক এ. এম. এম. বাহাউদ্দিন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, সমকালের সম্পাদক আলমগীর হোসেন, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, দেশ রূপান্তরের সম্পাদক মোস্তফা মামুন, আজকের পত্রিকার সম্পাদক মো. গোলাম রহমান, নিউ এজের সম্পাদক নূরুল কবীর, সংবাদের নির্বাহী সম্পাদক শাহরিয়ার করিম, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নিউ এজের প্রকাশক এএসএম শহীদুল্লাহ খান, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ার হানিফ মাহমুদ, সংবাদের সম্পাদক আলতামাস কবীর এবং যুগান্তরের সম্পাদক সাইফুল আলম।