খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মোটর শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া
খুলনার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী ও মোটর শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।
এক শিক্ষার্থীকে লাঞ্ছিত করার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করলে বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মো. মুহিবুল্লাহ বলেন, 'রাজীব পরিবহনের একটি বাসে গোপালগঞ্জ থেকে এক শিক্ষার্থী খুলনা আসছিল। ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাসের স্টাফ ওই শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। ঘটনাটি জানার পরে অন্যান্য শিক্ষার্থীরা বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। মোটর শ্রমিকরা আবারও শিক্ষার্থীদের ওপর আক্রমণ করতে এলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।'
'এতে আমাদের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষককে মোটর শ্রমিকরা লাঞ্ছিত করেছে,' বলেন মুহিবুল্লাহ।
শিক্ষার্থী ও শিক্ষক লাঞ্ছিত করার ঘটনাটি জানাজানি হলে শিক্ষার্থী ও মোটর শ্রমিকরা মুখোমুখি অবস্থান নেয়। তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এতে সোনাডাঙ্গা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ হয়ে যায়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।'
এই ঘটনার পরে ওই এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।