শহীদ মিনারে শিক্ষক সমাবেশ, দুপুরের পর রাজপথে নামার আল্টিমেটাম

By স্টার অনলাইন রিপোর্ট

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতনের দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছেন শিক্ষকরা।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে তারা এই সমাবেশ শুরু করেন।

এর আগে, ভোর থেকেই দেশের বিভিন্ন জেলার প্রাথমিক সহকারী শিক্ষকরা এসে জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনারে।

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা থেকে সমাবেশে আসা সহকারী শিক্ষক জিয়াউল কবির দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে বেতন দেওয়া হয়, যা একজন শিক্ষক হিসেবে মেনে নিতে পারি না। দশম গ্রেড আমাদের প্রাণের দাবি। যে কারণে এক দফা এক দাবি নিয়ে আমরা শহীদ মিনারে একত্রিত হয়েছি।'

untitled_design_30_0.jpg
ছবি: প্রবীর দাশ/স্টার

খুলনার ফুলতলা উপজেলার ধোপাখোলা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আকিব হাসান ডেইলি স্টারকে বলেন, 'সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতনের ন্যায্য অধিকার ও যৌক্তিক দাবিতে আজ আমরা শহীদ মিনারে জমায়েত হয়েছি। সরকারের কর্তাব্যক্তিরা আজ দুপুর ২টার আগে আমাদের দাবি মেনে না নিলে আমরা রাজপথে নামব এবং নতুন কর্মসূচি ঘোষণা করব।'