শুরুতেই জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে সরকার: গোলাম পরওয়ার
ছয়টি সিটি করপোরেশনে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের মাধ্যমে সদ্যগঠিত বিএনপি সরকার শুরুতেই জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আজ সোমবার দলের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতি থেকে তার এ মন্তব্য জানা যায়।
বিবৃতিতে বলা হয়, ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, সিলেট সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও গাজীপুর সিটি করপোরেশনে সরকার দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা, গণহত্যার বিচার সম্পন্ন করা এবং প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নেওয়া। এর প্রথম ধাপ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, পরবর্তী উদ্যোগ হিসেবে জনগণের প্রত্যাশা ছিল গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্থানীয় সরকারে জনপ্রতিনিধি নির্বাচন।
বিবৃতিতে বলা হয়, নির্বাচন কমিশনের পক্ষ থেকেও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। এমন পরিস্থিতিতে ছয় সিটি করপোরেশনে সরকারদলীয় পদধারীদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া জনআকাঙ্ক্ষার পরিপন্থী।
গোলাম পরওয়ারের ভাষ্য, এ সিদ্ধান্ত নৈতিকভাবে গর্হিত এবং জনগণের সঙ্গে প্রতারণার শামিল। এতে জনমনে সন্দেহ তৈরি হয়েছে যে, স্থানীয় সরকার নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অংশ হিসেবেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এটি আরেকটি ‘পাতানো নির্বাচন’-এর প্রাথমিক ধাপ হতে পারে।
বিবৃতিতে তিনি দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ বাতিল করে অনতিবিলম্বে সিটি করপোরেশনসহ সর্বস্তরের স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান।