বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না: মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, ‘বিএনপি একটি উদার নৈতিক রাজনৈতিক দল, আমরা সবাইকে নিয়ে রাজনীতি করি। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না।’
আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সদ্যপ্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিভিন্ন জেলায় আওয়ামী লীগের অফিস খোলা হচ্ছে এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতরা দেশে ফিরছে, এ ব্যাপারে বিএনপির অবস্থান কী জানতে চাইলে মঈন খান গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আমাদের অবস্থান খুবই স্পষ্ট, বিএনপি স্বাধীনতার পক্ষে কাজ করেছে। ১৯৭১ সালের সেই কালো রাতে যেদিন পাকিস্তানি হানাদার বাহিনী হায়েনার মতো এ দেশের নিরীহ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল, সেদিন প্রতিবাদের ঝান্ডা উঁচু করে দাঁড়িয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা সেই আদর্শে বিশ্বাসী—বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী। আমরা সেই বিশ্বাসে বিশ্বাসী হয়ে সামনের দিকে এগিয়ে যাব। বিএনপি একদলীয় বাকশাল শাসন, যেটা বাংলাদেশের ওপর জগদ্দল পাথরের মতো আওয়ামী লীগ চাপিয়ে দিয়েছিল, সেই ধ্যান-ধারণায় বিএনপি বিশ্বাস করে না। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে।
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উদ্ধৃত করে মঈন খান আরও বলেন, ‘আমরা আইনের শাসনে বিশ্বাসী। বাংলাদেশে গণতন্ত্র আমরা বারবার ফিরিয়ে এসেছি। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার যে বিপ্লব হয়েছে, তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এসেছি। এই গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা আমরা রক্ষা করব।’
গুঞ্জন শোনা যাচ্ছে আপনি রাষ্ট্রপতি হচ্ছেন—এ নিয়ে দলে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে গণমাধ্যমকর্মীদের প্রশ্ন এড়িয়ে যান মঈন খান।