বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে পল কাপুরের সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক

স্টার অনলাইন রিপোর্ট

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধিদল বৈঠক করেছে। 

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, বাংলাদেশে কী ঘটছে, আমাদের নীতি এবং আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা কী—সেটি বোঝার জন্যই তারা এখানে এসেছেন।

প্রতিনিধিদলে আরও ছিলেন নওশাদ জমির, মাহবুবুর রহমান, নায়াব ইউসুফ ও নিপুণ রায় চৌধুরী।

সাংবাদিকদের ব্রিফিংকালে মঈন খান বলেন, বাংলাদেশের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র অতীতে বিভিন্নভাবে সমর্থন দিয়ে এসেছে। যেহেতু একটি নতুন সরকার গঠিত হয়েছে, তাই তাদের কর্মকর্তার আসাটাই স্বাভাবিক।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের যে পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেসব বিষয় নিয়ে তারা সার্বিক আলোচনায় অংশ নেওয়ার জন্যই এদেশে এসেছে।

মঈন খান বলেন, দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক, সরকারের ভবিষ্যৎ নীতি এবং বর্তমান বিশ্বের বিভিন্ন ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা হয়েছে।

সংসদীয় বিষয় নিয়ে দলীয় কোনো নির্দিষ্ট বিষয়ে বিএনপির সঙ্গে সরাসরি কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।

তিনি বলেন, বিরোধী দলের বিষয় নিয়ে সরাসরি আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। সেটা হয়তো তারা বিরোধী দলের সঙ্গে করে থাকতে পারে। সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়।

তিনটি ক্ষেত্রে আলোচনা হয়েছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, প্রথমত, আমাদের কূটনৈতিক সম্পর্ক; দ্বিতীয়ত, আমাদের পররাষ্ট্র সম্পর্ক এবং তৃতীয়ত, আমাদের অর্থনৈতিক সম্পর্ক।

তিনি বলেন, বর্তমান সরকার আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি এবং আমরা একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে জনগণের সমর্থনে একটি সরকার গঠন করেছি।

তিনি আরও বলেন, মানুষের যে কথা বলার স্বাধীনতা, মানুষের যে মত প্রকাশের স্বাধীনতা, মানুষের যে অর্থনৈতিক স্বাধীনতা, সে বিষয়ে নিয়ে যুক্তরাষ্ট্রের যে নীতি সেই নীতির পারস্পরিক সম্পর্কগুলো আমরা আলোচনায় এনেছি।

গত বুধবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দেওয়া এক বক্তব্যের বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে মঈন খান বিস্তারিত কিছু বলেননি। তখন পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্মতিতে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তিতে সই করেছে।

মঈন খান বলেন, সরকার হয়তো আপনাদের সেসব বিস্তারিত তথ্য জানিয়েছে।