হাতিয়ায় হান্নান মাসউদের গাড়িবহরে হামলার অভিযোগ, ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২৫

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ফেরার পথে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। 

আজ দুপুর ১টার দিকে উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় এক পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। 

হান্নান মাসউদের দাবি, স্থানীয় আওয়ামী লীগ নেতা বেলাল মাঝি ও আব্দুর রহমানের নেতৃত্বে এ হামলা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশের উপস্থিতিতেই উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ হয়। 

এ তথ্য নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, পুলিশ হান্নান মাসউদকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত স্থানীয় চানন্দি ইউনিয়নের ধানসিড়ি আশ্রয়ন প্রকল্প এলাকার বাসিন্দাদের দেখতে যান সদ্য নির্বাচিত নোয়াখালী-৬ আসনের এমপি আবদুল হান্নান মাসউদ। পরিদর্শন শেষে তার গাড়িবহর দুপুর ১টার দিকে প্রকল্প বাজার এলাকায় পৌঁছালে সেখানে আওয়ামী লীগ নেতা বেলাল মাঝি নেতৃত্বে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীরা একত্রিত হয়ে গাড়িবহর লক্ষ্য করে গুলি করে ও হামলা চালায়। 

হামলার মুখে প্রথমে পিছু হটলেও পরে হান্নান মাসউদের নেতৃত্বে এনসিপি কর্মীরা একত্রিত হন। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। হামলায় এনসিপি নেতাকর্মীদের ১০টি মোটরসাইকেল ভাঙচুর ও ৫ জনকে অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। 

এরপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে প্রকল্প এলাকায় নেতাকর্মীদের নিয়ে অবস্থান নেন হান্নান মাসউদ।

এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির হাতিয়া উপজেলা আহ্বায়ক মো. ইউসুফ ডেইলি স্টারকে বলেন, ‘পুলিশের উপস্থিতিতে আমাদের ওপর হামলা করা হয়েছে। পুলিশ সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। নির্বাচন-পরবর্তী সময়ে আমাদের প্রায় ২০ নেতাকর্মীর বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়েছে সন্ত্রাসীরা। এসব বিষয়েও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।’ 

চানন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাবুবুর রহমান মো. হেলাল উদ্দিন ডেইলি স্টারকে বলেন, ‘হান্নান মাসুদ গাড়িতে লাঠি, পাথর, ইট-পাটকেল নিয়ে এসেছিলেন। বিনা উসকানিতে তার লোকজন বিএনপির চানন্দি উইনিয়ন কার্যালয়ে হামলা করে। এতে আমাদের ৫ জন নেতাকর্মী অহত হয়েছেন।’

যোগাযোগ করা হলে সংসদ সদস্য হান্নান মাসউদ ডেইলি স্টারকে বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসী বেলাল মাঝির নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা আমার গাড়িবহরে হামলা চালায়। এই সন্ত্রাসীদের বিষয়ে আমি আগেই প্রশাসনকে জানিয়েছিলাম। কোনো কাজ হয়নি। হামলার পর আমি সন্ত্রাসী বেলাল মাঝিকে গ্রেপ্তারের দাবিতে অবস্থান ধর্মঘট করি।’

বিএনপির কার্যালয়ে হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জানি না।’
ওসি মো. সাইফুল আলম বলেন, ‘সন্ধ্যা পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। পুলিশের এক সদস্যের মাথা ফেটে গেছে। সংঘর্ষে মোট কতজন আহত হয়েছে তা সঠিকভাবে বলা যাচ্ছে না। আমি সংসদ সদস্যকে নিরাপদ স্থানে নিয়ে গেছি।’