নতুন মামলায় আইভীকে ‘গ্রেপ্তার দেখানো’র বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

স্টার অনলাইন রিপোর্ট

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে কোনো মামলায় জামিন পাওয়ার পর, নতুন কোনো মামলায় ‘গ্রেপ্তার দেখানো’ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে তাকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন গ্রহণ না করতে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন আদালত।

একটি রিট পিটিশনের শুনানি শেষে আজ রোববার বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

চলতি মাসের শুরুর দিকে আইভী এ রিট করেছিলেন। রিটে তাকে গ্রেপ্তার দেখাতে গত ২ মার্চের নিম্ন আদালতের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করা হয়।

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে আজকের আদেশের বিস্তারিত তথ্য জানা যাবে।

আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন ও মো. মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জামিলা মমতাজ।

ব্যারিস্টার সারা হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'সেলিনা হায়াৎ আইভী গত বছরের ৯ মে থেকে কারাগারে রয়েছেন। গত বছরের ৯ নভেম্বর এবং চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ইতোমধ্যে ১০টি মামলায় জামিন পেয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে, প্রতিবার তিনি জামিন পাওয়ার পরই তার বিরুদ্ধে নতুন নতুন মামলা দেওয়া হচ্ছে, যদিও এজাহারে (এফআইআর) তার নাম ছিল না।'

এই আইনজীবী আরও বলেন, 'বিদ্যমান আইন অনুযায়ী, কাউকে কোনো মামলায় "গ্রেপ্তার দেখানো"র আগে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়। নতুন আইনি বিধান অনুযায়ী, অভিযোগটি অবশ্যই "সুপ্রতিষ্ঠিত" হতে হবে, অর্থাৎ এর পেছনে নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ থাকতে হবে। কিন্তু আইভীর ক্ষেত্রে তেমন কোনো ভিত্তি দেখানো হয়নি। এটা স্পষ্ট যে, তার কারামুক্তি ঠেকাতেই একের পর এক মামলা দেওয়া হচ্ছে।'