‘ওয়েট অ্যান্ড সি’ মেসেজ পাঠিয়ে চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলি
চট্টগ্রাম নগরীর চন্দনপুরা এলাকায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা।
আজ শনিবার ভোর সাড়ে ৬টায় স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বাসায় এ ঘটনা ঘটে।
নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হোসাইন কবির ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মুজিবুর রহমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য ছিলেন।
মুজিবুর রহমান ডেইলি স্টারকে বলেন, আমরা পাঁচ ভাই। আমাদের পরিবার এখানেই থাকে। ফজরের নামাজ পড়ে আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। তখন বাড়ির পেছন থেকে হামলা হয়। হামলার সময় বাড়ির সামনে অস্ত্রধারী পুলিশ ছিল। এছাড়া আমাদের নিজস্ব চারজন গানম্যান ছিল। তাদের উপস্থিতিতেই এই হামলা হয়। পরে আমি ৯৯৯ ফোন করি।
তিনি আরও বলেন, সন্ত্রাসীরা চাঁদার জন্য আগে আমাকে ফোন করতো। আমি নম্বর ব্লক করার পর আমার বড় ভাই স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানকে একাধিকবার ফোন করে।
মুজিবুর রহমান বলেন, একটি বিদেশি নম্বর থেকে সাজ্জাদ ও আরেকটি নম্বর থেকে ইমন পরিচয়ে ফোন দেয়। সর্বশেষ মোবাইল ফোনে একটি মেসেজে বলা হয়—‘ওয়েট অ্যান্ড সি’।
তিনি বলেন, আমরা আতঙ্কে আছি। এর আগেও আমাদের বাড়িতে গুলি করা হয়েছিল।
মুজিবুর আরও বলেন, আমাদের প্রতিষ্ঠানে ৩৫ হাজার লোক কাজ করেন। আমাদের ব্যবসা করতে না দিলে করব না। সরকার নিরাপত্তা দিতে পারলে থাকব, নাহলে প্রাণ বাঁচাতে বিদেশে চলে যাওয়া ছাড়া কোনো পথ খোলা নেই।
উপকমিশনার হোসাইন কবির বলেন, চাঁদার জন্য ভয় দেখাতে এই হামলা করা হয়েছে৷ একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলে এসে সন্ত্রাসীরা বাড়ির পেছন দিকে গুলি ছুড়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, হামলাকারীরা সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারী বলে আমরা ধারণা করছি। এর আগে একইভাবে তার বাড়িতে হামলা হয়েছিল।
হোসাইন কবির বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বাড়ির পেছনে মাস্ক পরে তিনজন হেঁটে আসেন। তাদের একজনের হাতে পিস্তল, একজনের হাতে সাব মেশিনগান (এসএমজি) ও অন্যজনের হাতে শটগান ছিল। সেখান থেকে তিনজন বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়েন। তিনটি অস্ত্র থেকে প্রায় ১৫ রাউন্ডের মতো গুলি ছোড়া হয়। দূরে অস্ত্র হাতে আরেকজন দাঁড়িয়ে ছিলেন। পরে তারা চলে যান।
হামলাকারীদের শনাক্তে চেষ্টা চলছে বলে জানান তিনি।
এর আগে গত ২ জানুয়ারি ওই বাসায় গুলি করা হয়।