চট্টগ্রামে জাহাজে দুই থাই নাবিকের বিতণ্ডা, একজনকে ছুরিকাঘাতে হত্যা
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভাঙার জন্য আনা জাহাজের ডেকে এক নাবিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। একই জাহাজের আরেক নাবিক তাকে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে।
নিহত নাবিকের নাম রাফিফং ক্লাহান (৩০)। তিনি থাইল্যান্ডের নাগরিক এবং ‘এমভি কেপিপি ০১’ নামের ওই জাহাজের অয়েলার হিসেবে কাজ করতেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে তুরাকর্ন বুরুসি (৪৮) নামের আরেক থাই নাবিককে আটক করেছে পুলিশ। তিনি থাইল্যান্ডের পতাকাবাহী ওই জাহাজের এবি (এবল-বডিড সিম্যান) পদে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে থাই পতাকাবাহী ওই স্ক্র্যাপ জাহাজের ডেকে দুই নাবিকের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বুরুসি রান্নাঘরের ছুরি দিয়ে অয়েলার ক্লাহানকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে তিনি গুরুতর আহত হন।
জাহাজটির স্থানীয় এজেন্ট এসএএম শিপিং এজেন্সির বিজনেস অপারেশন বিভাগের প্রধান মো. এমরানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে তাদের একটি দল দ্রুত জাহাজে যায়। আহত অবস্থায় ক্লাহানকে উদ্ধার করে চট্টগ্রাম নগরের বেসরকারি অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
পরে আনোয়ারা থানা ও পতেঙ্গা থানার পুলিশ যৌথভাবে ওই জাহাজে অভিযান চালিয়ে বুরুসিকে আটক করে আনোয়ারা থানা হেফাজতে নেয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।