টের স্টেগেনকে সমর্থন নাগেলসম্যানের

স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে মার্ক-আন্দ্রে টের স্টেগেনের প্রত্যাবর্তনের লড়াইয়ে পূর্ণ সমর্থন জানালেন জার্মান জাতীয় দলের কোচ জুলিয়ান নাগেলসম্যান। সাম্প্রতিক এক ভয়াবহ চোট-ধাক্কার পরও অভিজ্ঞ এই গোলরক্ষকের ওপর আস্থা হারাননি জার্মান কোচ, বরং তাকে মানসিক ও শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠার জন্য সময় দেওয়ার পক্ষেই অবস্থান নিয়েছেন তিনি।

আরও বেশি ম্যাচ খেলার সুযোগ তৈরি করতে বার্সেলোনা থেকে ছয় মাসের জন্য ধারে জিরোনায় যোগ দেন ৩৩ বছর বয়সী তের স্টেগেন। লক্ষ্য ছিল ২০২৬ বিশ্বকাপের আগে নিজেকে পুরোপুরি ম্যাচ ফিট হিসেবে প্রস্তুত করা। কিন্তু শনিবার জিরোনার হয়ে দ্বিতীয় ম্যাচ খেলতেই উরুর পেশিতে গুরুতর চোট পান তিনি। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, তার আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই চোটের কারণে তাকে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে। ফলে মার্চে সুইজারল্যান্ড ও ঘানার বিপক্ষে জার্মানির দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

এই পরিস্থিতিকে “অবিশ্বাস্যভাবে নিষ্ঠুর” বলে অভিহিত করেছেন নাগেলসম্যান। তিনি বলেন, “মার্ক ফিরে ভালো পথে এগোচ্ছিল। আমরা সবাই জাতীয় দলে তার প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলাম। এখন একটাই বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে যেন কোনো বাড়তি চাপ ছাড়া শান্তভাবে সুস্থ হয়ে ওঠে। আমরা সবাই তার পাশে আছি।”

দীর্ঘদিন ধরে বিশ্বকাপজয়ী মানুয়েল নয়্যারের ছায়ায় থেকে জার্মানির দ্বিতীয় গোলরক্ষকের ভূমিকায় থাকা টের স্টেগেন ২০২৪ সালে নয়্যারের আন্তর্জাতিক অবসরের পর মূল দায়িত্ব পান। কিন্তু এরপর থেকেই চোট তাকে পিছু ছাড়ছে না। গত মৌসুমে হাঁটুর চোটে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন, চলতি মৌসুমে ভুগেছেন পিঠের সমস্যায়। এই ধারাবাহিক চোটই তাকে শেষ পর্যন্ত বার্সেলোনা ছাড়তে বাধ্য করে, যেখানে তিনি হুয়ান গার্সিয়া ও ভয়চেখ শেজনির পেছনে তৃতীয় পছন্দে নেমে গিয়েছিলেন।

তার অনুপস্থিতিতেও জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) এবং ক্রীড়া পরিচালক রুডি ফেলার বারবার স্পষ্ট করেছেন, ফিট থাকলে টের স্টেগেনই জার্মানির এক নম্বর গোলরক্ষক। তবে বিশ্বকাপের মতো বড় মঞ্চের আগে নিয়মিত ম্যাচ অনুশীলনের প্রয়োজনীয়তার কথাও তারা জোর দিয়ে বলছেন।

টের স্টেগেন না থাকায় বর্তমানে হফেনহাইমের গোলরক্ষক অলিভার বাউমান দায়িত্ব সামলাচ্ছেন। তবে এ সুযোগে আবারও মানুয়েল নয়্যারের ফেরার দাবি জোরালো হচ্ছে। চারটি বিশ্বকাপ খেলা, ২০১৪ সালে ব্রাজিলে শিরোপাজয়ী নয়্যার ২০২৬ বিশ্বকাপ শুরু হওয়ার সময় বয়স হবে ৪০ বছর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য টুর্নামেন্ট শুরু হবে ১১ জুন। বয়স বাড়লেও ক্লাব ফুটবলে এখনও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, বায়ার্ন মিউনিখের হয়ে চলতি মৌসুমে বুন্দেসলিগার ২০ ম্যাচের মধ্যে ১৬টিতেই খেলেছেন এবং দলের অধিনায়কত্বও করছেন।