লিটনের বিস্ফোরক ব্যাটিংয়ে তামিমের রেকর্ড টিকল না তিনদিনও
১৫৮ রানের রেকর্ড ইনিংস খেলে তামিম ইকবাল বলেছিলেন, দুই বছরের মধ্যে তার এই রেকর্ড ভেঙে দিতে পারেন লিটন দাস বা মুশফিকুর রহিমের কেউ। লিটন সেই রেকর্ড ভেঙে দিলেন পরের ম্যাচেই। সময়ের হিসাবে তা টিকল মাত্র তিনদিন।
শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস গড়েন লিটন দাস। ১৪৩ বলে ১৬ চার, ৮ ছক্কায় বাংলাদেশের ওপেনার ১৭৬ রান করে থামান তার তাণ্ডব। বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারাতেও রেকর্ড গড়েছেন তিনি।
লিটনের রেকর্ড গড়ার সময় তার সঙ্গেই ক্রিজে ছিলেন তামিম ইকবাল। রেকর্ড হয়েছে তাদের জুটিতেও। বাংলাদেশের হয়ে যেকোনো উইকেট জুটিতে সর্বোচ্চ ২৯২ রানের জুটি গড়েন তারা। এই জুটির পথে তারা ছাড়িয়ে যান ২০১৭ সালে পঞ্চম উইকেটে করা সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর ২২৪ রানের জুটি। এর আগে ওপেনিংয়ে শাহরিয়ার হোসেন বিদ্যুৎ আর মেহরাব হোসেন অপির ২১ বছর আগের ১৭০ রানের জুটিও ছাড়িয়ে আসেন তারা।