ভারতে করোনা ভাইরাসের হানা, হাত ধোয়ার প্রচারণায় শচিন

স্পোর্টস ডেস্ক

চীন থেকে উৎপত্তি হয়ে করোনা ভাইরাস এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। সারা বিশ্বের আতঙ্কের এই ভাইরাস হানা দিয়েছে ভারতেও। দেশটিতে এরমধ্যে এই রোগে আক্রান্ত ৩১ জনকে আলাদা করা হয়েছে। বিপদ আরও বাড়তে পারে, আঁচ করে হাত পরিষ্কার রাখার প্রচারণায় নেমেছেন কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকার।

সচেতনতার অংশ হিসেবে নিজের স্বীকৃত টুইটার হ্যান্ডেল থেকে ২০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান। সেখানে তিনি সাধারণ মানুষকে নিখুঁতভাবে হাত ধোয়ার কৌশল শিখিয়েছেন।  

লিকুইড হ্যান্ড ওয়াশ হাতে নিয়ে কীভাবে আঙুল ও হাতের তালুর প্রতিটা স্থান পরিষ্কার করতে হবে, তা বুঝিয়েছেন শচিন।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের দূত হিসেবে অনেকবারই সামাজিক কার্যক্রমে অংশ নিতে দেখা গেছে তাকে। এবার বিশ্ব স্বাস্থ্যের উদ্বেগময় পরিস্থিতিতেও জনগণকে সচেতন করতে নেমেছেন তিনি।

করোনা ভাইরাসের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে  অতি জরুরী অবস্থা জারি রেখেছে। আন্তর্জাতিক চলাচল, বৈশ্বিক যোগাযোগ ও অর্থনৈতিক ব্যবস্থায়ও প্রভাব ফেলেছে এই ভাইরাস। বিশেষজ্ঞরা বলছেন, এই ভাইরাসের বিশেষ কোন চিকিৎসা নেই। তবে ছোঁয়াচে এই রোগ থেকে রক্ষা পেতে সব সময় নিজেকে পরিষ্কার রাখা জরুরী। বিশেষ করে দিনে একাধিকবার হাত ধোয়ার পরামর্শ দিচ্ছেন তারা।