৬ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ, বৃষ্টিপাতের শঙ্কা

By স্টার অনলাইন রিপোর্ট

দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। একইসঙ্গে পরবর্তী ২৪ ঘণ্টা আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা হতে পারে।

আজ সোমবার দুপুরে আবহাওয়াবিদ বজলুর রশিদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শ্রীমঙ্গল, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা অব্যাহত থাকতে পারে। আগামী দুই থেকে তিন দিন তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বাড়বে। কোথাও কোথাও তিন ডিগ্রিও বাড়বে। যেসব এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে, সেসব এলাকায় শৈত্যপ্রবাহ থাকবে না।’

‘তবে, বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের কিছু কিছু জায়গায় গুঁড়িগুঁড়ি থেকে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পরে তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে’, যোগ করেন এই আবহাওয়াবিদ।

আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি উত্তরাঞ্চলের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (আজ ভোর ৬টা পর্যন্ত) রংপুর বিভাগের তেঁতুলিয়ায় সর্বনিম্ন আট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রামের টেকনাফে সর্বোচ্চ ২৮ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার অবস্থায় বৃষ্টিপাতের প্রবণতা হতে পারে বলেও আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে।