জাতীয় দলের জার্সি পরলেই বদলে যান ব্রাজিলিয়ান ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক

ব্রাজিল কোপা আমেরিকার স্বাগতিক দেশ হওয়া খেলতেই চাননি খেলোয়াড়রা। তাতে অনেকেই ভেবেছিলেন এবার হয়তো খেলোয়াড়দের শতভাগ নিবেদন পাবে না দলটি। কিন্তু মাঠে দেখা গেল ভিন্ন চিত্র। জয়ের জন্য মরিয়া হয়ে খেলছেন নেইমার-কাসেমিরোরা। আর তার কারণও জানালেন অধিনায়ক কাসেমিরো। জাতীয় দলের জার্সির ইতিহাস জেনেই তার প্রতি সম্মান দেখিয়ে শতভাগ দিয়ে খেলেছেন তারা।

রাজধানী ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে রোববার রাতে কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। নিজেদের মাটিতে ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ ব্যস্ত রাখে প্রতিপক্ষের রক্ষণকে। একগাদা সুযোগ নষ্ট করার পরও বড় জয় পেয়েছে দলটি। 'এ' গ্রুপের ম্যাচে প্রথমার্ধে মার্কুইনোসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। পরে সফল স্পটকিক থেকে ব্যবধান বাড়ান নেইমার। শেষদিকে ভেনেজুয়েলার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন গ্যাব্রিয়েল বারবোসা।

জয়ের চেয়ে বড় ব্যাপার ছিল ব্রাজিলিয়ানদের ফুটবলের ধরণ। কারণ অনেকেই ম্যাচে খেলোয়াড়দের নিবেদন নিয়ে শঙ্কায় ছিলেন। কিন্তু ম্যাচে খেলতে নামা দলটি প্রথমেই বসে পড়ে চালকের আসনে। একেবারে শেষ বাঁশি বাজা পর্যন্ত তারা হাতের মুঠোয় রাখে ম্যাচ। তাদের নেওয়া ১৮ শটের সাতটি ছিল লক্ষ্যে। মুহুর্মুহু আক্রমণের বিপরীতে প্রাণপণ চেষ্টা করেও রক্ষণদেয়াল অভেদ্য রাখতে পারেনি ভেনেজুয়েলা।

জার্সির ঐতিহ্যের জন্যই নিজদের সেরাটা দিতে কোনো দ্বিধা করেননি কাসেমিরো, 'এই জার্সি অনেক শক্ত। এটা অনেক ভারি এবং এর অনেক ইতিহাস রয়েছে। এটা হোক প্রীতি ম্যাচ, কোপা আমেরিকা, বাছাই পর্ব কিংবা বিশ্বকাপ আপনাকে সবসময় জয়ের জন্যই খেলতে হবে। কারণ এর প্রতি চাহিদা অনেক অনেক বেশি। ফলাফলের চেয়ে অনেক বড় ব্যাপার হলো এই জার্সি যারা পরবেন তাদের এটাকে সম্মান করতে হবে। তবে এখানে ব্যাপার হচ্ছে নিজেকে দেওয়া, নিজের সবটাই দেওয়া এবং সবসময় জয় চাওয়া।'

অন্যদিকে নিজে গোল করতে দলকে জয়ের পথ সহজ করতে পাড়ায় দারুণ উচ্ছ্বসিত মার্কুইনোস, 'আমার বিশ্বাস দল যেটা চেয়েছে সেটা দিতে পেরেছে। আমরা জানতাম আমরা একটি শক্ত দলের সঙ্গে লড়াই করতে যাচ্ছি এবং তারা আমাদের ম্যাচকে অনেক কঠিন করে দিতে পারে। তবে ঈশ্বরকে ধন্যবাদ যে আমরা গোল করতে পেরেছি যা সবকিছু সহজ করে দিয়েছে। আমাদের সবসময়ই এমনটা করতে হবে। আমরা জানি গোল করা কতোটা গুরুত্বপূর্ণ। একজন ডিফেন্ডার হওয়া সত্ত্বেও প্রথম গোল পাওয়া বিশেষ করে এমন ম্যাচে, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।'