বার্সেলোনায় ম্যালকমের দলবদলে মামলা করবে রোমা
ব্রাজিলিয়ান তরুণ ফুটবলার ম্যালকমকে এক প্রকার কিনেই ফেলেছিল রোমা। বোর্দোর সঙ্গে লেনদেন সংক্রান্ত কথা বার্তাও চূড়ান্ত হয়ে যায়। রোববার রাত ৯টার ফ্লাইটে ফ্রান্স থেকে ইতালির বিমানের টিকেটও কাটা হয়। কিন্তু একেবারের শেষ মুহূর্তে টাকার অংক বাড়িয়ে তাকে কিনে নেয় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। আর তাতেই বেজায় খেপেছে ইতালিয়ান ক্লাবটি। আইনি লড়াইয়ে যাবেন বলে জানিয়েছেন ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর মঞ্চি।
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বার্সেলোনায় যোগ দিয়েছেন ম্যালকম। এরপরই রোমার পক্ষ থেকে মঞ্চি বলেন, ‘যা হয়েছে তা ব্যাখ্যা করা সহজ কিছু বোঝা কঠিন। আমরা তাকে (ম্যালকম) পছন্দ করেছিলাম। ফরাসী ক্লাবটির (বোর্দো) সঙ্গে আমাদের চুক্তিও চূড়ান্ত ছিল। বিকেল ৫টায় বিমানের টিকেট কেটে নিশ্চিত হলাম ৯টায় ও আসছে। কিন্তু এর আধা ঘণ্টা পর ওর এজেন্ট আমাকে কল দিয়ে বলল, ফ্লাইট বাতিল করা হয়েছে। কারণ ক্লাব অনুমতি দেয়নি। এরপরই আমরা বার্সেলোনার অফারের ব্যাপারে জানতে পারি।
৩২ মিলিয়ন পাউন্ডে প্রথমে বোর্দোর সঙ্গে কথা বার্তা চূড়ান্ত হলেও বার্সেলোনা বেশি অফার করায় ৩৬ মিলিয়ন পাউন্ড পর্যন্ত বিড করেছিল রোমা। কিন্তু এরপর আরও এক মিলিয়ন পাউন্ড বাড়িয়ে ম্যালকমকে কিনে নেয় বার্সেলোনাই। কিন্তু চুক্তি ৩২ মিলিয়নে চূড়ান্ত হয়ে যাওয়ায় বিড বাড়াতে রাজি ছিলেন না মঞ্চি। তবে ক্লাব প্রেসিডেন্ট জেমস পালোত্তার পীড়াপীড়িতে বাড়াতে বাধ্য হয়েছিলেন বলে জানান তিনি।
‘আমি আগের চুক্তিতেই থাকতে চেয়েছিলাম। কিন্তু পালোত্তা চেয়েছিল যেন কিছুটা বাড়াই। এমনকি কাতালানদের চেয়ে বেশি। পরে আমি বোর্দোয় কল করি এবং নতুন অফার দেই। তখন তার এজেন্ট আমাকে জানায় চুক্তি চূড়ান্ত। কিন্তু দুপুরের পর বার্সা আরও বেশি দিতে চায় জানিয়ে তারা আরও বাড়তি টাকা দাবি করে। এরপর আমরা থেমে যাই। কারণ আমরা বিড যুদ্ধে যেতে চাইনি।’
এ ট্রান্সফারকে অনেকটা হাইজ্যাকই বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো । যদিও এমন ঘটনা ফুটবলে নতুন নয়। এমনকি কোন চুক্তিতেও সাক্ষর করেনি তারা। কিন্তু তারপরও আইনি লড়াইয়ে যাবেন বলেই জানালেন রোমার স্পোর্টিং ডিরেক্টর, ‘এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি দেখব আইনি লড়াইয়ে কতটুকু যাওয়া যায়। কারণ আমাদের সাক্ষর করা কোন কাগজ পত্র নেই। তবে অনেক মেসেজ আছে যা অবশ্যই গণ্য হবে।’