অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের ফাইনাল বর্জন করলেন সাংবাদিকরা

ক্রীড়া প্রতিবেদক

গত ৭ ফেব্রুয়ারি ইংরেজি দৈনিক 'দ্য ডেইলি সান'-এর একজন ফটোসাংবাদিকের তোলা ছবি পত্রিকায় প্রকাশের জেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক তাকে সতর্কবার্তা পাঠানোর প্রতিবাদ জানিয়েছেন ক্রীড়া সাংবাদিকরা। সোমবার দেশের সকল গণমাধ্যমের ক্রীড়া সাংবাদিকরা অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের ফাইনাল বর্জন করেছেন।

বিসিবির পক্ষ থেকে সতর্কবার্তা সম্বলিত চিঠিটি সরাসরি ফটো সাংবাদিক তানভিন তামিমকে ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়। সাধারণত কোনো আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করাই বোর্ডের নিয়মিত রীতি, কিন্তু এক্ষেত্রে সেই প্রচলিত নিয়ম অনুসরণ করা হয়নি।

এই ইস্যু নিয়ে আলোচনার জন্য এদিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণে বিভিন্ন সংবাদমাধ্যমের ক্রীড়া সাংবাদিকরা একত্রিত হন।

আলোচনা শেষে সাংবাদিকরা মিডিয়া বক্সের সামনে দাঁড়িয়ে 'সাংবাদিকতা কোনো অপরাধ নয়' (Journalism is not a crime) লেখা একটি ব্যানার প্রদর্শন করে এই ঘটনার প্রতিবাদ জানান। তারা বিসিবির কাছে নিজেদের অভিযোগের সুরাহা চেয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় বেঁধে দেন এবং স্পষ্ট করে জানিয়ে দেন, এর মধ্যে ইতিবাচক সাড়া না পেলে তারা ফাইনাল ম্যাচটি বর্জন করবেন।

বিসিবির পক্ষ থেকে এই বিষয়ে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় সাংবাদিকরা শেষ পর্যন্ত প্রেস বক্স ছেড়ে চলে যান এবং ফাইনাল ম্যাচটি বর্জন করেন।