বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হাসারাঙ্গা
বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। ইনজুরির কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন দলের তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। রোববার কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি, যা শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বিশ্বকাপ অভিযানের জন্য বড় দুঃসংবাদ হয়ে আসে।
আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোট পেয়েও নিজের বোলিং স্পেল পূর্ণ করেছিলেন হাসারাঙ্গা। চার ওভারে ৩ উইকেট নিয়ে ২৫ রান দিয়ে তিনি কার্যত আয়ারল্যান্ডের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন এবং ১৬৪ রানের লক্ষ্য তাড়ায় বড় বাধা হয়ে দাঁড়ান। তবে ম্যাচের পর সোমবার করা এমআরআই স্ক্যানে ধরা পড়ে তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে গুরুতর ছিঁড়ে যাওয়ার সমস্যা (টিয়ার)।
রিপোর্টটি যুক্তরাজ্যের এক বিশেষজ্ঞ চিকিৎসক দেখার পর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়, এই ইনজুরির কারণে তিনি ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের পুরো আসর থেকেই ছিটকে গেছেন এই লঙ্কান লেগ স্পিনার।
চিকিৎসকদের ধারণা, এই চোটটি তার আগের হ্যামস্ট্রিং সমস্যার সঙ্গে সম্পর্কিত, যদিও এটিকে সরাসরি ‘রিকারেন্স’ বলা হচ্ছে না। কয়েক বছর ধরেই ইনজুরির সঙ্গে লড়াই করে আসছেন হাসারাঙ্গা, এর আগে পায়ের সমস্যাসহ নানা চোটে ভুগেছেন তিনি।
এখনও আইসিসি আনুষ্ঠানিকভাবে বদলি খেলোয়াড় অনুমোদন না দিলেও, স্কোয়াডে হাসারাঙ্গার জায়গায় লেগস্পিন অলরাউন্ডার দুশান হেমন্তাকে নেওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ৩১ বছর বয়সী হেমন্তার স্কিলসেট অনেকটাই হাসারাঙ্গার মতো হলেও আন্তর্জাতিক অঙ্গনে তার অভিজ্ঞতা সীমিত। এখন পর্যন্ত মাত্র তিনটি টি–টোয়েন্টি আন্তর্জাতিক খেলেছেন তিনি, যেখানে চার উইকেট নিয়েছেন ৭.৮৫ ইকোনমি রেটে। শ্রীলঙ্কা তাকে সরাসরি একাদশেও নামাতে পারে, কারণ রোববার খেলা স্পিনারদের বাইরে স্কোয়াডে আর কোনো স্পিনার বিকল্প নেই।
তবে হাসারাঙ্গার অনুপস্থিতি যে শ্রীলঙ্কার জন্য কতটা বড় ধাক্কা, সেটা পরিসংখ্যানই বলে দেয়। টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি দলের সবচেয়ে কার্যকর বোলার, আর বিশ্বকাপ মঞ্চে তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত, ২০ ইনিংসে ৪০ উইকেট, ইকোনমি মাত্র ৬.০১। এমন একজন ম্যাচ–উইনারকে হারানো মানে শুধু একজন খেলোয়াড় নয়, পুরো দলের ভারসাম্য হারানো।
শ্রীলঙ্কার গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোও অপেক্ষাকৃত কঠিন সূচির সামনে। ১২ ফেব্রুয়ারি পাল্লেকেলেতে ওমানের বিপক্ষে খেলবে তারা, এরপর ১৬ ফেব্রুয়ারি একই ভেন্যুতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে, আর ১৯ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শেষ গ্রুপ ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে।