এখনই শেষ দেখছেন না বাটলার

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের পারফরম্যান্স নিয়ে হতাশ হলেও আন্তর্জাতিক ক্যারিয়ারের এখনই শেষ দেখছেন না জস বাটলার। ‘বাজে’ একটা টুর্নামেন্ট কাটানোর কথা স্বীকার করেও ইংল্যান্ড দলে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী এই তারকা ব্যাটার।

সাদা বলের ক্রিকেটে বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার মনে করা হয় বাটলারকে। কিন্তু সদ্য সমাপ্ত বিশ্বকাপে তার ব্যাট কথা বলেনি। ৮ ইনিংসে করেছেন মাত্র ৮৭ রান। সেমিফাইনালে ভারতের কাছে হেরে ইংল্যান্ডের বিদায় নেওয়ার পেছনে তার এই অফ-ফর্মকে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে।

সাবেক ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের সঙ্গে এক পডকাস্টে বাটলার বলেন, 'টুর্নামেন্টটা আমার জন্য খুব খারাপ ছিল, যা সত্যিই হতাশাজনক। তবে গত কয়েক বছর আমি আমার ক্যারিয়ারের সেরা ক্রিকেটটাই খেলেছি। আশা করছি, খুব দ্রুতই আবার সেই ফর্মে ফিরতে পারব।'

৩৫ বছর বয়সী এই ক্রিকেটার এখন আর ইংল্যান্ড দলের অধিনায়ক নন। দলে সুযোগ পাওয়ার বিষয়ে তিনি বলেন, 'ইংল্যান্ডের হয়ে খেলার ইচ্ছা আমার সবসময়ই আছে। তবে আমি এখন অধিনায়ক বা নির্বাচক—কোনোটাই নই। তাই ভবিষ্যতে কী হবে, তা সময়ের ওপর ছেড়ে দিচ্ছি।'

বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে উঠতে পরিবারের সঙ্গে ফ্রান্সের পাহাড়ে ছুটি কাটিয়েছেন বাটলার। নিজেকে নতুন করে চনমনে করতে এই বিরতি তার খুব দরকার ছিল বলে জানান তিনি। বাটলারের মতে, 'মাঝেমধ্যে কঠোর পরিশ্রমের পরও ফল পাওয়া যায় না। এটা মেনে নেওয়া ছাড়া উপায় নেই। তবে আমার চেষ্টার কোনো কমতি ছিল না।'

আসন্ন আইপিএলে গুজরাট টাইটানসের হয়ে মাঠে নামবেন বাটলার। সেখান থেকেই নিজের হারানো ছন্দ ফিরে পাওয়ার লক্ষ্য তার।