ব্যর্থতার ছায়া কাটিয়ে নতুন মিশনে বাটলার
দুঃস্বপ্নের মতো কেটেছে সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে সব হতাশা পেছনে ফেলে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নামতে যাচ্ছেন ইংল্যান্ডের তারকা উইকেটকিপার-ব্যাটার জস বাটলার।
বিশ্বকাপে নিজের নামের সঙ্গে যেন মানানসই পারফরম্যান্সই করতে পারেননি বাটলার। আট ম্যাচে মাত্র ৮৭ রান, যেখানে তার সর্বোচ্চ ছিল মাত্র ২৬। এমন ব্যর্থতার পর নিজেকে খুঁজে পেতে ক্রিকেট থেকে পুরোপুরি দূরে সরে গিয়ে আল্পসে কাটিয়েছেন কিছু সময়। আর সেই বিরতিই তাকে দিয়েছে নতুন করে শুরু করার প্রেরণা।
'একটু বিরতি নেওয়াটা দারুণ ছিল। আমি আল্পসে গিয়েছিলাম, ক্রিকেট থেকে যতটা দূরে থাকা যায় ততটাই দূরে ছিলাম,' বলেন বাটলার। 'এখন আমি আবার রোমাঞ্চিত, নতুন আইপিএল মৌসুমের জন্য মুখিয়ে আছি।'
নতুন আসরে গুজরাট টাইটান্সের হয়ে খেলবেন তিনি। তাদের অভিযান শুরু হবে পাঞ্জাব কিংসের বিপক্ষে, নিউ চণ্ডীগড়ে।
২০১১ সালে আন্তর্জাতিক অভিষেকের পর থেকে টি-টোয়েন্টিতে ৪ হাজারের বেশি রান করা বাটলার সাম্প্রতিক সময়ে নিজের ছন্দ হারিয়েছেন। তার ফর্মহীনতা এমন পর্যায়ে পৌঁছেছে যে, হ্যারি ব্রুকের নেতৃত্বাধীন ইংল্যান্ড দলে তার জায়গা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
তবুও আত্মবিশ্বাস হারাচ্ছেন না ৩৫ বছর বয়সী এই ব্যাটার। তার কথায়, 'আমি এখনো রান করার জন্য ক্ষুধার্ত। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আমি শুধু সামনে এগোতে চাই, অতীত নিয়ে ভাবতে চাই না।'
আইপিএলে অবশ্য বাটলারের রেকর্ড ঈর্ষণীয়। বিশেষ করে ২০২২ মৌসুমে চারটি সেঞ্চুরি করে বিরাট কোহলির রেকর্ড স্পর্শ করেছিলেন তিনি। তাই নিজের সেরা ছন্দ ফিরে পেতে এই লিগকেই আদর্শ মঞ্চ হিসেবে দেখছেন ইংলিশ তারকা।
তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বনাম আন্তর্জাতিক ক্রিকেট, এই দ্বন্দ্ব নিয়েও কথা বলেছেন বাটলার। প্যাট কামিন্সের মন্তব্যের সঙ্গে একমত পোষণ করে তিনি বলেন, এখন ক্রিকেটারদের জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যাচ্ছে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ।
তবুও ইংল্যান্ডের ক্রিকেটারদের অগ্রাধিকার যে জাতীয় দলই, সেটি স্পষ্ট করেছেন বাটলার। একই সঙ্গে টেস্ট ক্রিকেটকে এখনো ‘চূড়ান্ত ফরম্যাট’ হিসেবেই দেখেন তিনি