বল টেম্পারিংয়ের দায়ে ফখর জামান ২ ম্যাচ নিষিদ্ধ
বল টেম্পারিংয়ের দায়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ফখর জামান। মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিজ্ঞপ্তিতে এই শাস্তির কথা নিশ্চিত করেছে।
গত ২৯ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে করাচি কিংসের বিপক্ষে ম্যাচের সময় ফখরের বিরুদ্ধে বলের অবস্থা পরিবর্তনের অভিযোগ ওঠে। আচরণবিধির 'লেভেল ৩' ভঙ্গের দায়ে তাকে এই সাজা দেওয়া হয়েছে। ওই দিন লাহোর কালান্দার্সকে ৫ রান জরিমানা করার পাশাপাশি ইনিংসের শেষ ওভারের আগে বল বদলে ফেলেছিলেন আম্পায়াররা।
মাঠের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও ফয়সাল খান আফ্রিদি এবং টিভি আম্পায়ার আসিফ ইয়াকুব ও চতুর্থ আম্পায়ার তারিক রশিদ ফখরের বিরুদ্ধে এই অভিযোগ আনেন। তবে ফখর শুরুতে দোষ অস্বীকার করায় বিষয়টি শুনানিতে গড়ায়। ম্যাচ রেফারি রোশন মহানামা সব তথ্য-প্রমাণ যাচাই করে দুই ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রাখেন। শুনানির সময় লাহোরের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি ও টিম ডিরেক্টর সামিন রানাও উপস্থিত ছিলেন।
এই নিষেধাজ্ঞার কারণে ৩ এপ্রিল মুলতান সুলতান্স এবং ৯ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারবেন না ফখর। তবে পিএসএলের নিয়ম অনুযায়ী, পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে টেকনিক্যাল কমিটির কাছে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকছে তার