ফের টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, আফিফের জায়গায় একাদশে সৌম্য
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচের টস ভাগ্য পক্ষে আসেনি বাংলাদেশের। টস জিতে অনুমিতভাবে ব্যাটিং বেছে নিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। গুরুত্বপূর্ণ ম্যাচে সমালোচনার পর একাদশে বদল এনেছে বাংলাদেশ।
গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে সেরা খেলোয়াড় হয়েছিলেন সৌম্য, শেষ ম্যাচে মিরপুরেই করেছিলেন ৯১ রান। তবে পাকিস্তানের বিপক্ষে ঠিক পরের সিরিজেই তাকে আর একাদশে বিবেচনা করা হয়নি। এ নিয়ে হয় সমালোচনা।
তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেনিংয়ে সাইফ হাসান পাকিস্তান সিরিজে ব্যর্থ হলেও এই সিরিজে সুযোগ পান। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ফিফটি করে একাদশে জায়গা ধরে রেখেছেন তিনি। তবে ওই ম্যাচে ছয়ে নেমে ৪৭ বলে ২৭ রানের মন্থর ইনিংস খেলে দলের হারের কারণ হন আফিফ। প্রবল সমালোচনার পর জায়গা হারালেন তিনি। তার জায়গাতেই সৌম্য একাদশে এসেছেন। এখন দেখার বিষয় ব্যাটিং অর্ডারে ঠিক কোথায় জায়গা হয় তার।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।
নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম ল্যাথাম, মোহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসেন, ন্যাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জেইডন লিনক্স, উইল ও'রর্কি।