উইকেটে ‘ছোট ফাটল’, ‘মুভিং ডেতে’ তাকিয়ে দুই দল
বাংলাদেশের চারশো ছাড়ানো পুঁজির জবাব পাকিস্তানের টপ অর্ডার ব্যাটাররা দিচ্ছেন শক্তভাবে। তবে তারা এখনই লিড নেওয়ার আলোচনায় যেতে চায় না। ইমাম-উল হকের মতে রোববার মিরপুর টেস্টের ‘মুভিং ডে’। দিনটি হতে যাচ্ছে ম্যাচের গতিপথ নির্ধারক। স্বাগতিক বাংলাদেশও আগের দিনের ভুল ঝেড়ে ম্যাচে ফিরতে মরিয়া।
শনিবার ৩ উইকেটে ৩০১ রান থেকে ৪১৩ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ অন্তত ৫০ রান কম করেছে বলে মত সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। প্রত্যাশার চেয়ে কম রান করার পর বোলিং হয়েছে এলোমেলো। দিনশেষে ১ উইকেটে ১৭৯ রান তুলে নিয়েছে সফরকারী দল। এখনো তারা ২৩৪ রানে পিছিয়ে থাকলেও হাতে তাদের ৯ উইকেট।
ম্যাচে ফিরতে রোববার প্রথম সেশনেই বোলারদের কাছ থেকে বিশেষ কিছু চান কোচ সালাউদ্দিন। এদিকে ১০৬ রানের উদ্বোধনী জুটিতে ৪৫ রান করে আউট হওয়া পাক ওপেনার ইমাম জানান ম্যাচের আয়ু বাড়তে উইকেট কঠিন হয়ে পড়ছে। কাজেই প্রথম ইনিংসে যত বেশি সম্ভব রান উঠিয়ে নিজেদের নিরাপদ জায়গায় নিতে চান তারা।
লিড নিয়ে আলাপটা তাই সরিয়ে তৃতীয় দিনে তাকিয়ে পাকিস্তান, ‘লিড নিয়ে কথা বলাটা এখন বেশ সময়ের আগে হয়ে যায়। আগামীকাল (রোববার) একটি “মুভিং ডে” এবং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
সালাউদ্দিনের আশা আগের দিনের ছন্দহীনতা কাটিয়ে ঘুরে দাঁড়াবেন বোলাররা, ‘উইকেটে বোলারদের এখনও অনেক কিছু করার আছে। আমরা একটা সেশন ভালো করিনি, এটা সবাই বুঝতে পারছে এবং এটি দ্রুত ফিক্স করা সম্ভব। আমাদের ফাস্ট বোলাররা অভিজ্ঞ এবং তারা আমাদের অনেক ম্যাচ জিতিয়েছেন, তারা নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে।’
মিরপুরের উইকেট টিপিক্যাল স্পিন বান্ধব হয়। ঘাসের ছোঁয়া থাকায় পেসারদের কিছুটা সুবিধা ছিল, ব্যাটাররা থিতু হলে রান করতে পারছেন। তবে সময় যত এগোচ্ছে উইকেটে দেখা দিচ্ছে ফাটল। ইমামের মতে পরের দিকে ব্যাট করা হবে কঠিন, ‘উইকেটে ছোট ছোট ফাটল দেখা দিচ্ছে এবং আজও আমরা কিছু বৈচিত্র্য ও অসমান বাউন্স দেখেছি। ম্যাচটি যত তৃতীয় বা চতুর্থ দিনে গড়াবে, ব্যাটিং করা ততই কঠিন হয়ে পড়বে। তাই এই ইনিংসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ; আমরা দীর্ঘ সময় এবং গভীরভাবে ব্যাটিং করতে চাই। আমরা নির্দিষ্ট কোনো স্কোরের কথা ভাবছি না, তবে আগামীকাল (আজ) সারাদিন ব্যাটিং করতে পারলে তা আমাদের একটি দারুণ অবস্থানে পৌঁছে দেবে।’