এই টেস্ট জয়ে সবচেয়ে বড় কৃতিত্ব লিটনের ইনিংসের: শান্ত

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে

প্রথম ইনিংসে দলের প্রবল চাপে অনবদ্য সেঞ্চুরি করেন লিটন দাস, দ্বিতীয় ইনিংসেও খেলেন গুরুত্বপূর্ন ফিফটি। এর বাইরে উইকেটের পেছনে অসামান্য পারফরম্যান্স করতে দেখা গেছে বাংলাদেশের উইকেট কিপারকে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাই এই টেস্ট জয়ের পেছনে ম্যাচ সেরা লিটনকেই দিলেন সবচেয়ে বড় কৃতিত্ব।

সিলেটে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জেতে বাংলাদেশ। এই টেস্টে পাঁচদিন ধরেই হয় রোমাঞ্চকর ক্রিকেট। দক্ষতা, মানসিক শক্তি আর ধৈর্য্যের পরীক্ষায় জেতে স্বাগতিক দল। 

প্রথম ইনিংসে ১১৬ রানে ৬ উইকেট হারানোর পর টেল এন্ডারদের নিয়ে ১৬২ রান যোগ করেন লিটন। প্রবল চাপে খেলেন ১২৬ রানের ইনিংস। এই ইনিংসে চড়ে ২৭৮ রান করতে পারে বাংলাদেশ, প্রথম ইনিংসে লিড নেয় ৪৬ রানের।

দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিমের সেঞ্চুরির পাশাপাশি ৬৯ রানের ইনিংস খেলেন লিটন। উইকেটের পেছনে পুরো সিরিজেই তাকে দেখা গেছে দুরন্ত। অসাধারণ ক্যাচ, পরিস্থিতি বুঝে বোলার-ফিল্ডারদের বার্তার দেওয়ার কাজে তাকে দেখা গেছে সক্রিয়। 

ম্যাচ জিতে এসে শান্ত লিটনের ইনিংস প্রসঙ্গ আসতেই সতীর্থককে ভাসালেন প্রশংসায়, ‘খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আশা করছিলাম প্রথম দিনের প্রশ্নটা কেউ করবে। লিটন আউটস্ট্যান্ডিং ইনিংস খেলেছে, যাকে আমি বলব ওয়ান অফ হিজ বেস্ট ইনিংস। ক্রেডিট তাইজুল ভাই, তাসকিন, শরিফুল, রানা তাদেরকে অবশ্যই দিতে হবে সাপোর্ট দেওয়ার জন্য। ওই জায়গায় লিটন ভাই যেভাবে দায়িত্ব নিয়েছে,  এটাই আসলে একটা বড় দল হওয়ার লক্ষ্যে যে বাংলাদেশ এগুচ্ছে তার প্রমাণ। ড্রেসিং রুমে বিশ্বাসটা সবার ছিল যে এখান থেকে তাইজুল ভাই একটা সাপোর্ট দিবে এবং লিটন রান করতে থাকবে।  লিটনও মাঠ থেকে মেসেজ পাঠিয়েছিল একবার আমার কাছে আসলে কোন এপ্রোচে খেলবে। খুব ভালো একটা কমিউনিকেশন হচ্ছিল। আমি বলব যে এই টেস্ট ম্যাচে এই যে আমরা ম্যাচটা জিতলাম আমি বলব যে সবথেকে বড় কৃতিত্ব লিটনের ইনিংস। অন্যথায় আমরা ওই প্রথম ইনিংসে অনেক পেছনে পড়ে যেতাম।’