সেঞ্চুরিতেও নেই তুষ্টি, শান্তর কণ্ঠে বড় ইনিংসের ‘ক্ষিদে’
মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ঝলমলে সেঞ্চুরি উপহার দেওয়া নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় ইনিংসেও যান সেঞ্চুরির কাছে। তার ইনিংসের ভিত ধরেই বোলাররা সেরেছেন বাকি কাজ, পাকিস্তানকে বিধ্বস্ত করে এসেছে জয়। দারুণ ছন্দে থাকা বাংলাদেশের টেস্ট অধিনায়ক সবশেষ পাঁচ টেস্টে চারটি সেঞ্চুরি করেছেন। তবে ম্যাচ শেষে জানালেন, আরও ভালো করা উচিত ছিলো। শান্তর মতে, বিশ্বমানের ব্যাটার হতে হলে সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপান্তরের সেই ‘ক্ষিদে’ থাকা জরুরি।
প্রথম ইনিংসে ১২ চারে ১৩০ বলে ১০১ রান করেই আউট হন তিনি। দ্বিতীয় ইনিংসেও জাগান সেঞ্চুরির আশা। তবে ৮৭ রানে আউট হয়ে হাতছাড়া করেন টেস্টে তিনবার জোড়া ডাবল সেঞ্চুরির রেকর্ড। সেটা করতে পারলে তিনি যোগ দিতেন ভারতের সুনিল গাভাস্কার, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নারের পাশে।
কিছু দিন আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতেও সেঞ্চুরি পেয়েছিলেন শান্ত। ক্যারিয়ারে সেরা ছন্দে আছেন কিনা সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে শান্তর কন্ঠে বিনয় ও বাড়তি ক্ষিদে, ‘গত ইনিংসে ইনিংসটা আরও বড় হতে পারতো। যেভাবে ব্যাটিং করছিলাম, উইকেটটা অনেক চ্যালেঞ্জিং ছিল, স্পেশালি প্রথম দুই-তিন ঘণ্টা।’
শান্তর এই আক্ষেপের পেছনে রয়েছে বড় স্কোরের তাড়না। টেস্ট ক্যারিয়ারে ইতোমধ্যে ৯টি সেঞ্চুরি পেলেও এখন পর্যন্ত তিন অঙ্কের ইনিংসকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি তিনি। এই সংস্করণে তার সর্বোচ্চ ইনিংস ১৬৩ রানের, যা ছিল তার ক্যারিয়ারের প্রথম শতক।
শান্ত মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেটে সেরা ব্যাটারদের কাতারে নাম লেখাতে হলে ১০০ রানকেই শেষ গন্তব্য ভাবলে চলবে না। নিজের উন্নতির জায়গা নিয়ে অকপটে তিনি বলেন, ‘আমার জায়গায় বড় কোনো ব্যাটসম্যান থাকলে ১০০ কে হয়তো ২০০ করতো। বিশ্ব ক্রিকেটে টপ ব্যাটসম্যানরা এটাই করে। আমার আরও ভালো ব্যাট করা উচিত ছিল।’
পরিসংখ্যান বলছে, শান্ত এখন ক্যারিয়ারের সেরা সময় পার করছেন। সবশেষ পাঁচ টেস্টের চারটিতেই সেঞ্চুরি পেয়েছেন তিনি। এর মধ্যে ২০২৫ সালের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে উপহার দেন জোড়া সেঞ্চুরি। এরপর নভেম্বরে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেন ঠিক ১০০ রানের ইনিংস।
অধিনায়কের দায়িত্ব পালনের পাশাপাশি ব্যাটিংয়ে মনোনিবেশ করা চ্যালেঞ্জিং হলেও শান্তর কাছে সেটিই সবচেয়ে বড় অনুপ্রেরণা। প্রস্তুতি এবং নিজের ওপর বিশ্বাসের জোরেই তিনি এই সাফল্য পাচ্ছেন বলে জানান। তবে আত্মতুষ্টির কোনো জায়গা নেই তার কাছে, ‘আমি এখনও বলব আমি আরও ভালো ব্যাট করতে পারব।’