‘একদিন সবই শেষ হবে’, শতকের পর বিদায় নিয়ে আবেগঘন কোহলি
দুই ম্যাচে টানা শূন্য রানে আউট হওয়ার হতাশা পেছনে ফেলে আবারও ব্যাট হাতে জ্বলে উঠলেন বিরাট কোহলি। তবে দুর্দান্ত প্রত্যাবর্তনের রাতেও ভারতীয় ব্যাটিং মহাতারকার কণ্ঠে শোনা গেল ক্যারিয়ারের শেষ অধ্যায়ের আভাস। ক্রিকেটকে নিজের জীবন বলে উল্লেখ করে কোহলি জানালেন, একদিন সবকিছুই শেষ হয়ে যাবে, তাই মাঠে কাটানো প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চান তিনি।
বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে অপরাজিত ১০৫ রানের ইনিংস খেলেন কোহলি। তার শতকে ভর করে ১৯৩ রানের লক্ষ্য পাঁচ বল হাতে রেখেই পেরিয়ে যায় বেঙ্গালুরু। এটি ছিল আইপিএলে কোহলির নবম শতক, তবে চলতি মৌসুমে প্রথম।
ম্যাচসেরা হওয়ার পর কোহলি বলেন, 'ক্রিকেট এমন কিছু, যেটাকে আমি সত্যিই ভালোবাসি। ব্যাটিং হোক বা ফিল্ডিং, মাঠে আমি আমার হৃদয় আর আত্মা উজাড় করে দিই। কারণ একদিন তো সব শেষ হবেই।'
৩৭ বছর বয়সী এই ব্যাটার আরও বলেন, 'এখনও এই পর্যায়ে খেলতে পারছি, বিশ্বের সেরাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছি, এটাই বিশাল সম্মানের। সারাজীবন আমি এটাই করেছি।'
সম্প্রতি টেস্ট ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কোহলি। তবে আইপিএলে এখনও তিনি দারুণ ধারাবাহিক। চলতি মৌসুমে ১২ ম্যাচে ৪৮৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় আছেন তিন নম্বরে। তার গড় ৫৩.৭৭, আছে তিনটি ফিফটি ও একটি শতক।
কলকাতার বিপক্ষে ৬০ বলে খেলা ইনিংসটি সাজানো ছিল ১১টি চার ও তিন ছক্কায়। একই সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ১৪ হাজার রান পূর্ণ করার রেকর্ডও গড়েছেন তিনি। ৪০৯ ইনিংসে এই মাইলফলকে পৌঁছে ভেঙেছেন ক্রিস গেইলের ৪২৩ ইনিংসের রেকর্ড।
এই শতকের মাধ্যমে আরেকটি রেকর্ডে নাম লেখান কোহলি। সফল রান তাড়ায় আইপিএলে এটি তার তৃতীয় শতক, যা জস বাটলারের রেকর্ডের সমান।
দুই ম্যাচে টানা ডাকের পর ইনিংসের প্রথম রান নেওয়ার সময় মজা করে উদযাপনও করেন কোহলি। পরে ৩২ বলে ফিফটি পূর্ণ করে পৌঁছে যান তিন অঙ্কেও।
কোহলির ভাষায়, 'আমি মাঠে থাকা প্রতিটি দিনকে উপভোগ করতে চাই। চাপের মুহূর্ত আমি ভালোবাসি। যখন পরিস্থিতি কঠিন হয়, তখন নিজেকেই চ্যালেঞ্জ দিই, "চলো, এবার করে দেখাও।" ব্যাটের মাঝখানে বল লাগার আনন্দটা এখনও আগের মতোই আছে।'
ভারতের বিশ্বকাপজয়ী এই তারকা ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ম্যাচজয়ী ইনিংস খেলেই সংক্ষিপ্ত সংস্করণকে বিদায় বলেছিলেন। তবুও ‘কিং কোহলি’র জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। ভারতের গ্যালারিতে এখনও সবচেয়ে বেশি দেখা যায় তার ১৮ নম্বর জার্সিই।