লাঞ্চের আগে পাকিস্তানের দুই ওপেনারকে ফেরালো বাংলাদেশ
রান তাড়ার বিশ্ব রেকর্ডের চ্যালেঞ্জে নেমে আগের দিন দুই ওভার খেলে কোনো রান করেনি পাকিস্তান। চতুর্থ দিন সকালে ভালো শুরুর পর নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজের বলে দুই ওপেনারকে হারায় তারা। তবে এরপর জুটি গড়ে প্রতিরোধ গড়েছেন শান মাসুদ ও বাবর আজম।
মঙ্গলবার সিলেট টেস্টের চতুর্থ দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১০১ রান। শান ৪১ ও বাবর ২৪ রান নিয়ে ক্রিজে আছেন। তৃতীয় উইকেট জুটিতে ৬১ বলে ৬০ রান যোগ করেছেন তারা।
দিনের শুরুটা সতর্ক পথে করেছিল বাংলাদেশ। তাদের দুই ওপেনারই টিকে থাকার দিকে দেন মন। সকালের রোদে উইকেটেও ব্যাট করা মনে হচ্ছিল কঠিন নয়। তবে একাদশ ওভারে গিয়ে ব্রেকথ্রু আনেন নাহিদ।
তার গতিময় বাড়তি বাউন্সের বল কাট করে নামাতে পারেননি, গালিতে দারুণ ক্যাচ মুঠোয় জমান মেহেদী হাসান মিরাজ। ২৮ বলে ৬ রান করে আউট হয়ে হতভম্ব হয়ে পড়েন আব্দুল্লাহ ফজল।
পরে বল করতে এসেও সাফল্য পান মিরাজ। থিতু হওয়া ওপেনার আজান আওয়াইস ভেতরের দিকে যাওয়া বল খেলতে পারেননি। ২১ রান করে এলবিডব্লিউতে বিদায় নেন তিনি।
৪১ রানে ২ উইকেট পড়ার পর প্রতিরোধ গড়েন বাবর-শান। কিছু আলগা বলও পেয়ে যান তারা। বিশেষ করে তাসকিন আহমেদকে মনে হয়েছে বেশ ক্লান্ত, ঠিক জায়গায় বল ফেলতে পারছিলেন না তিনি। পেরিয়ে যাচ্ছিল অনেকগুলো বাউন্ডারি।
লাঞ্চের আগে আরেকটি উইকেট ফেলতে পারলে বা আরও কিছু কম রান দিলে স্বস্তি বেশি থাকত স্বাগতিকদের।