ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়াস, প্রথমবার ডাক পেলেন সূর্যবংশী

স্পোর্টস ডেস্ক

অনুমিতভাবেই ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব হারিয়েছেন ছন্দহীন সূর্যকুমার যাদব, তার বদলে শ্রেয়াস আইয়ারকে দলে ফিরিয়ে অধিনায়ক করা হয়েছে। এদিকে আইপিএলে চোখধাঁধানো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ১৫ বছর বয়সী বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। শনিবার ভারতের টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিনি।

শ্রেয়াস শেষবার ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২৩ সালের ডিসেম্বরে। ২০২৪ ও ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে তার ঠাঁই হয়নি। নাটকীয়ভাবে এবার তিনি ফিরলেন অধিনায়ক হয়ে। শ্রেয়াসের নেতৃত্বে ভারত আসন্ন আয়ারল্যান্ড সফরে দুটি ও ইংল্যান্ড সফরে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। এরপর সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসেও অংশ নেবে তারা।

সম্প্রতি শেষ হওয়া আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে স্পটলাইট কেড়ে নেন তরুণ সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের হয়ে খেলে একটি শতরান ও পাঁচটি অর্ধশতকসহ ৭৭৬ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হন তিনি। একই সঙ্গে আইপিএলের 'মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার' বা টুর্নামেন্টসেরাও নির্বাচিত হন এই তরুণ।

এই বাঁহাতি ওপেনার ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক অভিষেকের রেকর্ড গড়তে যাচ্ছেন। এর মাধ্যমে তিনি ভেঙে দেবেন শচীন টেন্ডুলকারের রেকর্ড, যিনি ১৯৮৯ সালে ১৬ বছর ২০৫ দিন বয়সে প্রথম টেস্ট খেলেছিলেন।

অন্যদিকে, বিশ্বকাপ ও আইপিএলে ব্যাট হাতে সূর্যকুমারের অফফর্মের কারণে অধিনায়কত্বে এই পরিবর্তনটি অনেকটাই প্রত্যাশিত ছিল। বিশ্বকাপে ৯ ইনিংসে তিনি করেছেন মাত্র ২৪২ রান, যার মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলা অপরাজিত ৮৪ রানের ইনিংসটিই ছিল তাঁর একমাত্র উল্লেখযোগ্য অবদান।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের ভারতের টি-টোয়েন্টি দল: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণোই, অভিষেক শর্মা, নিতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, হার্ষিত রানা, ইশান কিষাণ, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী।

২০২৬ জাপান এশিয়ান গেমসের জন্য ভারত দল: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণোই, অভিষেক শর্মা, নিতিশ কুমার রেড্ডি, জাসপ্রিত বুমরাহ, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, হার্ষিত রানা, ইশান কিষাণ (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, বৈভব সূর্যবংশী।