আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে উইলিয়ামসন বললেন, ‘নিজেকে ভাগ্যবান মনে করছি’
নিউজিল্যান্ডের ইতিহাসের সবচেয়ে সফল রান সংগ্রাহক এবং তর্কাতীতভাবে সর্বকালের সেরা ব্যাটসম্যান কেইন উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাৎক্ষণিকভাবে অবসরের ঘোষণা দিলেন।
শুক্রবার ৩৫ বছর বয়সী এই সাবেক কিউই অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ থেকে বিদায়ের কথা নিশ্চিত করেছেন।
আগামী সপ্তাহে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর আগেই অবসরের এই সিদ্ধান্তের কথা জানালেন উইলিয়ামসন। লর্ডসে সিরিজের প্রথম টেস্টে ব্ল্যাকক্যাপসদের হারের ম্যাচে তিনি একাদশে ছিলেন। যেখানে দুই ইনিংসেই অবশ্য ব্যর্থ হন। তার সংগ্রহ ছিল যথাক্রমে ০ ও ১৮ রান।
অবসর নিয়ে উইলিয়ামসন এক ভিডিও বার্তায় বলেন, 'আমি বেশ কিছুদিন ধরেই এটি নিয়ে ভাবছিলাম। তবে গত কয়েক দিনে আমার কাছে এটি পরিষ্কার হয়েছে যে এখনই (বিদায় নেওয়ার) সঠিক সময়।'
তিনি যোগ করেন, 'আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আমি সব সময়ই একটি তীব্র তাড়না ও ক্ষুধা অনুভব করেছি। নিউজিল্যান্ডের হয়ে খেলা প্রতিটি ম্যাচে আমি আমার সর্বোচ্চটা উজার করে দিয়েছি— এটি ভেবে আমি গর্ববোধ করি। এর চেয়ে কম কিছু নিয়ে খেলা চালিয়ে যাওয়াটা ঠিক হতো না এবং নিজের শর্তে সরে দাঁড়াতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।'
সতীর্থদের ওপর আস্থা রেখে বিদায়বেলায় এই কিংবদন্তি বলেন, 'এই দলটি যেদিকে এগিয়ে যাচ্ছে, তা নিয়ে আমি আশাবাদী হয়েই বিদায় নিচ্ছি। এই নিউজিল্যান্ড দলটির মধ্যে প্রচুর প্রতিভা রয়েছে এবং বিশেষ কিছু করার এক সত্যিকারের আকাঙ্ক্ষা আছে।'
২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া উইলিয়ামসন দেশের হয়ে সব সংস্করণ মিলিয়ে খেলেন মোট ৩৭৮টি ম্যাচ। নিউজিল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন তিনি। সব সংস্করণ মিলিয়ে তার সংগ্রহ ১৯ হাজার ৩৪৬ রান। এর মধ্যে রয়েছে ৪৮টি সেঞ্চুরি ও ৬টি ডাবল সেঞ্চুরি।
শুধু টেস্ট ক্রিকেটে ১১০টি ম্যাচ খেলেছেন উইলিয়ামসন। ৫৪.০৬ গড়ে তিনি করেছেন ৯ হাজার ৫১৫ রান, যেখানে সেঞ্চুরির সংখ্যা ৩৩টি।
২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত কিউই ক্রিকেটের এক সোনালী অধ্যায়ে তিন সংস্করণেই দলকে নেতৃত্ব দেন উইলিয়ামসন। তার দারুণ নেতৃত্বশৈলী ক্রিকেটবিশ্বে তুমুল প্রশংসিত হয়েছে।
এই সময়কালে উইলিয়ামসনের অধিনায়কত্বে নিউজিল্যান্ড ওয়ানডে বিশ্বকাপে দুবার ফাইনাল ও তিনবার সেমিফাইনাল খেলেছে। পাশাপাশি ২০২১ সালে দলটি জিতেছিল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী আসরের শিরোপা।