‘এশিয়ান গেমসে অন্যদের চেয়ে ভালো থাকার সুবিধা পাবেন ক্রিকেটাররা’
এশিয়ান গেমসে পাঁচ তারকা হোটেল না পেয়ে অসন্তোষ প্রকাশ করেছিল এশিয়ার টেস্ট খেলুড়ে পাঁচ দল। তবে আয়োজকদের দাবি, অন্যান্য অনেক খেলার খেলোয়াড়দের চেয়ে ভালো থাকার সুবিধাই পাচ্ছেন ক্রিকেটাররা। জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী নাওকি অ্যালেক্স মিয়াজি বুধবার এই আশ্বাস দিয়েছেন।
আগামী ১৯ সেপ্টেম্বর জাপানের নাগোয়ায় বসছে এশিয়ান গেমসের আসর। তবে টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেট ভেন্যুর সুযোগ-সুবিধা ও আবাসন ব্যবস্থা নিয়ে আপত্তি তোলে এশিয়ার শীর্ষ কয়েকটি ক্রিকেট বোর্ড।
জাপানে ক্রিকেট খুব একটা জনপ্রিয় নয়। গেমসের জন্য বেসবল মাঠকে রূপান্তর করে বানানো হয়েছে নতুন ক্রিকেট গ্রাউন্ড। খবর বেরিয়েছে, সেখানে ড্রেসিংরুম হিসেবে ব্যবহার করা হচ্ছে তাঁবু, আর শৌচাগারও ভেন্যু থেকে বেশ খানিকটা দূরে।
তাছাড়া এবার গেমসে নেই নির্দিষ্ট কোনো 'অ্যাথলেটস ভিলেজ'। ১৭ হাজার অ্যাথলেটের থাকার সংস্থান করতে গিয়ে আয়োজকদের হিমশিম খেতে হচ্ছে। ফলে বাধ্য হয়েই ক্রুজ জাহাজের কেবিন, অস্থায়ী কাঠের কনটেইনার ও বিভিন্ন হোটেলের ওপর ভরসা করতে হচ্ছে তাদের। উদাহরণ হিসেবে আয়োজকরা জানায়, ২০২৪ প্যারিস অলিম্পিকেও অ্যাথলেট সংখ্যা ছিল মাত্র ১১ হাজার।
তবে ক্রিকেটাররা যে সাধারণ অ্যাথলেটদের চেয়ে সুবিধাজনক অবস্থানে আছেন, সেটাই মনে করিয়ে দিলেন জাপান ক্রিকেটের সিইও মিয়াজি। বার্তা সংস্থা এএফপি-কে তিনি বলেন, ‘অন্যান্য অনেক খেলার অ্যাথলেটদের যেখানে ক্রুজ জাহাজ বা কনটেইনার হোটেলে থাকতে হচ্ছে, সেখানে ক্রিকেটারদের জন্য আমরা হোটেলের ব্যবস্থা করেছি।’
নাগোয়া শহর থেকে ৪০ মিনিটের দূরত্বের 'করোগি স্পোর্টস পার্ক'-এ হবে ক্রিকেটের ম্যাচগুলো। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, পর্যাপ্ত সুবিধা না থাকায় মূল দলের বদলে দ্বিতীয় সারির দল পাঠানোর কথা ভাবছে বিসিসিআই। অথচ আগে শ্রেয়াস আয়ারের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণার কথা ছিল, যেখানে থাকার কথা জাসপ্রিত বুমরাহ, ১৫ পেরুনো উদীয়মান তারকা বৈভব সূর্যবংশীরও।
সীমাবদ্ধতার কথা স্বীকার করে মিয়াজি জানান, সব প্রস্তুতি নেওয়ার জন্য তারা মাত্র ১৭ মাস সময় পেয়েছিলেন। শূন্য থেকে শুরু করতে হলেও ক্রিকেটারদের সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
শ্রীলঙ্কার প্যাল্লেকেলে স্টেডিয়ামের কিউরেটরকে এনে পিচ তৈরি করা হচ্ছে জানিয়ে মিয়াজি যোগ করেন, ‘আমি যতটুকু দেখেছি, এশিয়ান গেমসের ইতিহাসে এর চেয়ে ভালো মাঠ ও উইকেট আগে কখনো দেখা যায়নি।’
