সাতজনকে বাদ দিয়েও ১৩৩ রানে অলআউট পাকিস্তান
দ্বিতীয় টেস্টের পর দল থেকে সাতজনকে ছেঁটে ফেলেছিলো পাকিস্তান, বাদ দেওয়া হয়েছিলো দুই কোচকেও। বিশাল অদলবদলের পরও দিন ফিরল না পাকিস্তান দলের। জস টং, জোফরা আর্চার, ওলি রবিনসনদের পেসের ঝাঁজে অল্প রানে গুটিয়ে গেছে বাবর আজমের দল।
এজবাস্টনে বুধবার তৃতীয় টেস্টের প্রথম দিনে ১৩৩ রানে প্রথম ইনিংস শেষ হয়েছে পাকিস্তানের। সফরকারীদের গুঁড়িয়ে ৪২ রানে ৪ উইকেট নেন টং। আর্চার ১৫ রান দিয়ে পান ৩ উইকেট। রবিনসন ২৫ রানে পান ৩ উইকেট।
পাকিস্তানের প্রথম আট ব্যাটারের মধ্যে সাতজনই দুই অঙ্কের আগেই আউট হয়ে যান। একমাত্র সাউদ শাকিল ছিলেন ব্যতিক্রম। ৪৭ বলে দলের সর্বোচ্চ ৪৩ আসে বাঁহাতির ব্যাট থেকে। দলের দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন পেসার মোহাম্মদ আব্বাস।
একাদশে চার বদল এনে ব্যাট করতে নেমেছিলো পাকিস্তান। অভিষেক হয় তিনজনের। তৃতীয় ওভার থেকেই উইকেট হারাতে থাকে তারা। সাইম আইয়ুবকে শূন্যতে ফেরান রবিনসন। আর্চারের গতির তোড়ে খানিক পর বিদায় নেন আজান আওয়াইস। আব্দুল্লাহ শফিক শিকার রবিনসনের।
আর্চারের বলে হকচকিয়ে ব্যাট পেতে শান মাসুদ বিদায় নিলে ২৬ রানে ৪ উইকেট পড়ে যায় পাকিস্তান। অধিনায়ক বাবর আজম দলের ভরসা হতে পারেননি। ১৫তম ওভারে তার অফ স্টাম্প উড়িয়ে দেন টং।
তিন অভিষিক্ত গাজী ঘোরি, মোহাম্মদ ইমরান, রেজাউল্লাহ ছিলেন আসা-যাওয়ার মাঝে।
সাউদ শাকিল পরে আব্বাসকে নিয়ে দলের কিছু রান বাড়িয়েছেন। তবে তাদের সবচেয়ে বড় জুটি এসেছে একদম শেষ উইকেটে। আব্বাস-আলি মিলে যোগ করেন ২৬ রান।