ফাহাদের পাঁচ উইকেট, ভারতকে আড়াইশোর নিচে আটকালো বাংলাদেশ
সবুজের ছোঁয়া থাকা উইকেটে দারুণ বল করেছেন আল-ফাহাদ। পেসের ঝাঁজে পাঁচ উইকেট তুলে নিয়েছেন তিনি। তবে কঠিন পরিস্থিতিতে বৈভব সূর্যবংশী ও অভিজ্ঞান কুণ্ডুর দুই ফিফটিতে লড়াইয়ের পুঁজি পেয়েছে ভারত।
বুলাওয়েতে যুব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আগে ব্যাট করে ২৩৮ রানে অলআউট হয়েছে ভারত। সূর্যবংশী ৭২ ও অভিজ্ঞান করেন সর্বোচ্চ ৮০ রান। ৩৮ রানে পাঁচ উইকেট নেন ফাহাদ।
টস হেরে ব্যাট করতে নামা ভারতকে তৃতীয় ওভারেই জোড়া আঘাত দেন আল-ফাহাদ। ভারতীয় অধিনায়ক আয়ুষ মাত্রে ও বেদান্ত ত্রিভেদিকে পরপর তুলে নেন তিনি।
চতুর্থ উইকেটে সূর্যবংশীর সঙ্গে মিলে প্রতিরোধের চেষ্টা চালান ভিহান মালহোত্রা। সূর্যবংশী কঠিন কন্ডিশনেও ছিলেন সাবলীল, দ্রুত রান বাড়াচ্ছিলেন তিনি। মালহোত্রা কুঁকড়ে থাকলেও খোলস থেকে বের হতে পারেননি। তাঁর বিদায় ঘটে আজিজুল হাকিম তামিমের স্পিনে।
এরপর একটি কার্যকর জুটি পায় ভারত। সূর্যবংশী-অভিজ্ঞান চতুর্থ উইকেটে যোগ করেন ৬২ রান। এক পাশে রানের চাকা মন্থর হলেও নিজের চেনা ঢঙে খেলে ৩০ বলে তুলে নেন ফিফটি। এরপর কিছুটা পরিস্থিতির দাবি মিটিয়ে রয়েসয়ে রান বাড়ানোতে মন দিচ্ছিলেন। আবার নিজের রূপে ফিরতে গিয়ে ইকবাল হোসেন ইমনের বলে ক্যাচ দিয়ে থামেন তিনি। ভারতের কিশোর ওপেনার ৬৭ বলের ইনিংসে ৭২ রান করতে ৬টি চারের সঙ্গে মেরেছেন ৩টি ছক্কা।
ভারতের ইনিংসের বাকিটা টেনেছেন অভিজ্ঞান প্রায় একাই। কানিষ্ক চৌহান (২৬ বলে ২৮ রান) করে তাঁকে কিছুটা সঙ্গ দেন। বৃষ্টিতে মাঝে বেশ কিছুটা সময় খেলা বন্ধ থাকার পর এক ওভার কমিয়ে দেওয়া হয়। অভিজ্ঞান আউট হয়েছেন ৪৭তম ওভারে। দারুণ বল করা ফাহাদ তাকে উইকেটের পেছনে ক্যাচ বানান।
শেষ দিকে দীপেশ দেবেন্দ্রানের ৬ বলে ১১ রানের ইনিংসে গুরুত্বপূর্ণ কিছু রান পায় ভারত।