শর্তসাপেক্ষে শুক্রবার থেকে মাঠে ফেরার ঘোষণা ক্রিকেটারদের
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য ঘিরে যে অচলাবস্থায় পড়ে গিয়েছিল দেশের ক্রিকেট, সেখানে অবশেষে কিছুটা স্বস্তির আভাস মিলল। চলমান পরিস্থিতিতে ক্রিকেটের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনায় নিয়ে নিজেদের আগের কঠোর অবস্থান পুনর্বিবেচনার কথা জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে কোয়াব জানায়, দেশের বিভিন্ন জাতীয় ও বয়সভিত্তিক দলের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সূচি মাথায় রেখেই তারা এই সিদ্ধান্তে এসেছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, বর্তমানে নারী জাতীয় দল নেপালে বিশ্বকাপ বাছাই পর্বে খেলছে, ছেলেদের জাতীয় দলের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, অনূর্ধ্ব-১৯ দল রয়েছে বিশ্বকাপে এবং এই পরিস্থিতিতে সব ধরনের খেলা বন্ধ রাখার প্রভাব এসব দলের ওপর পড়তে পারে।
কোয়াব বিবৃতিতে জানায়, 'বাংলাদেশ ক্রিকেটের চলমান জটিলতা নিয়ে আমাদের নিজেদের মধ্যে আলোচনা চলমান রয়েছে। আমরা ক্রিকেটাররা আলোচনা করে উপলব্ধি করতে পেরেছি, আমাদের নারী জাতীয় দল এখন বিশ্বকাপ বাছাই পর্বে খেলছে নেপালে, ছেলেদের জাতীয় দলের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ছেলেদের অনূর্ধ্ব-১৯ দল এখন বিশ্বকাপে আছে। সব ধরনের খেলা বন্ধ করার প্রভাব এই দলগুলোর ওপর পড়তে পারে। বিপিএলকেও আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করি। ক্রিকেটের বৃহত্তর স্বার্থে আমরা তাই আমাদের আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছি।'
এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কোয়াব। পাশাপাশি তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টিও ইতিবাচক হিসেবে দেখছে সংগঠনটি। পরিচালক পদ নিয়ে গঠনতান্ত্রিক প্রক্রিয়ার কারণে বিসিবি যে সময় চেয়েছে, সেই সময়টুকু দিতে তারা প্রস্তুত বলেও জানানো হয়েছে।
বিবৃতিতে কোয়াব আরও জানায়, 'বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। যেহেতু তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়াগত কারণে বিসিবি সময় চেয়েছে, সেই সময়টুকু আমরা দিতে চাই। তবে আশা করব, সেই প্রক্রিয়া চলতে থাকবে।'
তবে ক্রিকেটারদের পক্ষ থেকে একটি স্পষ্ট প্রত্যাশাও তুলে ধরা হয়েছে। কোয়াবের মতে, প্রকাশ্যে ক্রিকেটারদের নিয়ে অপমানজনক মন্তব্য করায় এম নাজমুল ইসলামের প্রকাশ্য ক্ষমা চাওয়া উচিত। এ বিষয়ে বিবৃতিতে বলা হয়, 'পাশাপাশি, পরিচালক এম নাজমুল ইসলাম যেহেতু প্রকাশ্যে ক্রিকেটারদের নিয়ে অপমানজনক কথা বলেছেন, তিনি প্রকাশ্যেই ক্ষমা চাইবেন বলে আমরা আশা করি।'
সবশেষে কোয়াব জানিয়ে দিয়েছে, এই শর্তগুলো পূরণ হলে মাঠে ফেরার জন্য তারা প্রস্তুত। বিসিবিকে তারা ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে, নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্ষমা চাইলে এবং তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়া চলমান থাকলে, শুক্রবার থেকেই ক্রিকেটাররা খেলায় ফিরবেন।