লা মাসিয়ায় ফ্লিকের আস্থা: ইতোমধ্যেই ৯ তরুণের অভিষেক

স্পোর্টস ডেস্ক

বার্সেলোনার পরিচয় আর দর্শনের কেন্দ্রবিন্দু লা মাসিয়া। সেই ঐতিহ্যকে নতুন করে প্রাণ দিচ্ছেন হান্সি ফ্লিক। কথায় নয়, সিদ্ধান্তে ও কাজে। যুব একাডেমির প্রতি তার আস্থার সবচেয়ে বড় প্রমাণ, এরমধ্যেই লা মাসিয়া থেকে উঠে আসা ৯ জন তরুণ ফুটবলারের প্রথম দলে অভিষেক।

এই তালিকায় রয়েছেন দানি ওলমো, মার্ক বার্নাল, সের্হি ডোমিঙ্গেজ, আন্দ্রেস কুয়েঙ্কা, তোনি ফার্নান্দেজ, দানি রদ্রিগেস, জোফ্রে তোরেন্তস, দ্রো ফার্নান্দেজ ও টমি মার্কেস। ২০২৪ সালের গ্রীষ্মে বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত ৯৬টি ম্যাচ পরিচালনা করেছেন জার্মান এই কোচ। এই সময়ের মধ্যেই তরুণদের সুযোগ দেওয়ার ক্ষেত্রে তার দর্শন স্পষ্ট হয়ে উঠেছে, ভবিষ্যৎ গড়ার ভিত গড়তে হবে লা মাসিয়াকে ঘিরেই।

২০২৪ সালের ১৭ আগস্ট মেস্তায়া স্টেডিয়ামে মার্ক বার্নালের অভিষেক হয়। দ্রুতই তিনি শুরুর একাদশে জায়গা করে নেন এবং নিয়মিত সদস্য হয়ে ওঠেন। তবে ভায়েকাসে রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচে চোট পেয়ে সাময়িকভাবে ছিটকে যান। বর্তমানে আবার দুর্দান্তভাবে ফিরেছেন তিনি। একই দিনে, লিগ মৌসুমের তৃতীয় ম্যাচে, ক্লাবে ফেরার পর প্রথম দলে অভিষেক হয় দানি ওলমোর। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে গোল করে ২-১ ব্যবধানে জয়ে বড় অবদান রাখেন তিনি।

২০২৪ সালের ৩১ আগস্ট ভায়াদোলিদের বিপক্ষে ৭-০ গোলের বিধ্বংসী জয়ে বার্সার জার্সিতে প্রথম ম্যাচ খেলেন সের্হি ডোমিঙ্গেজ, যিনি বর্তমানে দিনামো জাগরেবের খেলোয়াড়। এক মাস পর, ১ অক্টোবর, চ্যাম্পিয়ন্স লিগে ইয়াং বয়েজের বিপক্ষে আরেকটি দাপুটে ৫-০ ব্যবধানে জয়ের ম্যাচে অভিষেক হয় আন্দ্রেস কুয়েঙ্কার।

২০২৫ সালে কোপা দেল রেতে বারবাস্ত্রোর বিপক্ষে ৪ জানুয়ারির ম্যাচে প্রথম দলে নাম লেখান তোনি ফার্নান্দেজ। ৪-০ ব্যবধানে জয়ের সেই ম্যাচেই তিনি হয়ে যান বার্সেলোনা ইতিহাসের সর্বকনিষ্ঠ অভিষিক্ত ফুটবলার। এরপর ৩ মে ২০২৫, ভায়াদোলিদের বিপক্ষে দ্বিতীয় লেগে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে প্রথম দলে অভিষেক হয় দানি রদ্রিগেসের।

২০২৪–২৫ মৌসুমে লা লিগার প্রথম ম্যাচ এবং মৌসুমের প্রথম অফিসিয়াল ম্যাচেই মায়োর্কার বিপক্ষে মাঠে নামেন জোফ্রে তোরেন্তস। একই মৌসুমে, ২৮ সেপ্টেম্বর, রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে শুরুর একাদশে জায়গা করে নেন দ্রো ফার্নান্দেজ। পাঁচ মাস পর, আবার মায়োর্কার বিপক্ষেই ম্যাচের শেষ ছয় মিনিটে মাঠে নেমে নিজের প্রথম দলের অভিষেক সম্পন্ন করেন টমি মার্কেস।