অ্যাতলেতিকোর বিপক্ষে ৪–০ হারের পর রেফারির সঙ্গে কথা বলেছেন ফ্লিক
অ্যাতলেতিকো মাদ্রিদর কাছে ৪–০ গোলের বড় পরাজয়ের পর রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে বার্সেলোনা শিবির। ম্যাচ শেষে সরাসরি রেফারি হুয়ান মার্তিনেজ মুনুয়েরার ড্রেসিংরুমে গিয়ে তার সঙ্গে কথা বলেছেন বার্সার কোচ হানসি ফ্লিক। জিরোনার বিপক্ষে মাঠে নামার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিজেই এই কথা বলেন এই জার্মান কোচ।
বার্সেলোনা শিবিরের অভিযোগ, পাউ কুবার্সির বাতিল হওয়া গোল এবং স্বয়ংক্রিয় অফসাইড প্রযুক্তির ভুল সিদ্ধান্ত ম্যাচের গতিপথ বদলে দিয়েছে। ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রাফা ইউস্তে আগেই সতর্ক করেছিলেন, বিষয়টি উপেক্ষা করা হবে না। এরপরই ক্লাব কর্তৃপক্ষ রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন এবং রেফারিদের টেকনিক্যাল কমিটির কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনের পর নিজ উদ্যোগেই রেফারির সঙ্গে দেখা করতে যান ফ্লিক।
“সংবাদ সম্মেলনের পর আমার মনে হলো, রেফারির সঙ্গে কথা বলা প্রয়োজন,” বলেন জার্মান কোচ। “তিনি দরজা খুলে আমাকে ভেতরে নিয়েছেন এবং শান্তভাবে কথা বলেছেন, এজন্য আমি কৃতজ্ঞ। আমাদের কথোপকথন খুবই ভালো হয়েছে।”
তবে আলোচনার বিস্তারিত প্রকাশ করতে চাননি ফ্লিক, যদিও এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা কিছুটা কমেছে বলে ধারণা করা হচ্ছে।
রেফারিং নিয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এসব বিষয় আমি বদলাতে পারি না। আমরা সবাই মানুষ, সবাই ভুল করি। সেই ভুল থেকে শিক্ষা নিতে হবে, নিজের জন্য, খেলোয়াড়দের জন্য, কোচিং স্টাফের জন্য… এমনকি রেফারিদের জন্যও।”
তিনি আরও যোগ করেন, “ভুল করা মানবিক, কিন্তু তা থেকে উন্নতি করা খুবই গুরুত্বপূর্ণ। ফুটবলের সঙ্গে জড়িত সবাই সেটাই দেখতে চায়। সব ক্লাবই চায় খেলা আরও ভালো হোক।”
নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে ফ্লিক শেষ পর্যন্ত দলীয় পারফরম্যান্সের দিকেই বেশি গুরুত্ব দেন।
“বৃহস্পতিবার আমরা হেরেছি, এর জন্য শুধু রেফারি দায়ী নয়। এটা একটি শিক্ষা ছিল, কিন্তু জীবন থেমে থাকে না। পরাজয় মেনে নিতে হবে, মনোযোগ ধরে রাখতে হবে এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে,” বলেন তিনি।
বার্সেলোনার সামনে এখন নতুন চ্যালেঞ্জ, জিরোনার বিপক্ষে ম্যাচ। তবে সেই ম্যাচে কে রেফারির দায়িত্বে থাকবেন, তা এখনও নিশ্চিত নয়।