উত্তর কোরিয়ার কাছে বড় হার, ‘বাস্তব ফুটবল শিক্ষা’ বললেন বাটলার
এশিয়ান কাপের গ্রুপ 'বি'তে শক্তিশালী উত্তর কোরিয়ার কাছে বড় ব্যবধানে হারলেও নিজেদের খেলোয়াড়দের নিয়ে গর্ব প্রকাশ করেছেন বাংলাদেশের কোচ পিটার বাটলার। তার মতে, এই ম্যাচটি বাংলাদেশের জন্য ছিল একেবারে 'বাস্তব এক ফুটবল শিক্ষা'।
শুক্রবার সিডনিতে অনুষ্ঠিত ম্যাচে তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ৫-০ গোলের জয় তুলে নেয় বাংলাদেশের বিপক্ষে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা কোরিয়ানরা পুরো ম্যাচজুড়ে দাপট দেখায়।
ম্যাচ শেষে দুই দলের শক্তির ব্যবধানের কথা স্বীকার করে বাংলাদেশের কোচ পিটার বাটলার বলেন, 'এটা ছিল পুরোপুরি অসম লড়াই। আমরা আজ অসাধারণ একটি দলের বিপক্ষে খেলেছি। এশিয়ার সেরাদের মধ্যে অন্যতম, হয়তো সেরা দলও। তাদের সঙ্গে আমাদের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব হয়নি। ৫-০, ৬-০ বা ৭-০ গোলে হারলেও সেটা লজ্জার কিছু নয়। মেয়েদের সমালোচনা করার কিছু নেই; তারা তাদের সর্বোচ্চটাই দিয়েছে।'
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে উত্তর কোরিয়াকে এগিয়ে দেন মিয়ং ইউ জং। এর আগে উজবেকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করা এই ফরোয়ার্ড আবারও গোলের দেখা পান। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কিম কিয়ং ইয়ং।
উত্তর কোরিয়ার শারীরিক ও অ্যাথলেটিক সামর্থ্যের প্রশংসা করে বাটলার বলেন, 'তাদের শারীরিক শক্তি ও উপস্থিতি আমরা সামাল দিতে পারিনি। রোদে আমাদের কিছু খেলোয়াড় ক্লান্ত হয়ে পড়েছিল। আমরা নিজেদের সেরা খেলাটাও খেলতে পারিনি।'
বিরতির পর আরও প্রভাব বিস্তার করে উত্তর কোরিয়া। কিম কিয়ং ইয়ং, চাই উন ইয়ং এবং কিম হাই ইয়ংয়ের গোল ম্যাচের ব্যবধান বাড়িয়ে ৫-০ করে।
তবে বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার একের পর এক দুর্দান্ত সেভ করে বড় ব্যবধানের হার থেকে দলকে কিছুটা রক্ষা করেন। তার প্রশংসা করে বাটলার বলেন, 'মিলি সত্যিই অসাধারণ চরিত্রের খেলোয়াড়। সে একজন যোদ্ধা, নরম দৃঢ়তা আর প্রবল উদ্যম রয়েছে তার মধ্যে। আজ তাকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। পা মাটিতে রাখলে তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।'
অভিজ্ঞতার পার্থক্যের কথাও স্বীকার করেন বাংলাদেশ কোচ, 'আজ আমরা সত্যিকারের একটি ফুটবল শিক্ষা পেয়েছি। শক্তি ও কারিগরি দক্ষতায় তারা আমাদের থেকে অনেক এগিয়ে। আমাদের নিজেদের ঠিকভাবে মূল্যায়ন করতে হবে। তবু মেয়েরা যা করেছে, তা নিয়ে আমি গর্বিত। তবে সামনে এগোতে হলে আমাদের এখনও অনেক পথ পাড়ি দিতে হবে।'
এই জয়ে কার্যত কোয়ার্টার ফাইনালের পথ প্রায় নিশ্চিত করে ফেলেছে উত্তর কোরিয়া। অন্যদিকে বাংলাদেশ আগামী ৯ মার্চ পার্থে উজবেকিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে। সেই ম্যাচে ভালো ফল পেলে গ্রুপ ‘এ’, ‘বি’ ও ‘সি’ থেকে সেরা দুই তৃতীয় স্থান পাওয়া দলের একটি হিসেবে শেষ আটে ওঠার আশা জাগিয়ে রাখতে পারবে লাল-সবুজের মেয়েরা।