ব্রাজিল দলে এবারও নেই নেইমার, অভিষেকের অপেক্ষায় ৫ জন

স্পোর্টস ডেস্ক

আসন্ন দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ঘোষিত ব্রাজিল দলে আবারও জায়গা হলো না নেইমারের। এতে সান্তোসের এই অভিজ্ঞ ফরোয়ার্ডের ২০২৬ বিশ্বকাপে খেলার স্বপ্ন আরও ফিকে হয়ে গেল। যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠেয় ম্যাচগুলোর জন্য সোমবার ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি।

বাংলাদেশ সময় অনুসারে আগামী ২৭ মার্চ বোস্টনে ফ্রান্স ও ১ এপ্রিল অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। আগামী ১৮ মে বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণার আগে এই দুটি ম্যাচই আনচেলত্তির শিষ্যদের শেষ পরীক্ষা।

৭৯ গোল নিয়ে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার। তবে ২০২৩ সালের অক্টোবরে বাঁ হাঁটুর গুরুতর চোটে পড়ার পর থেকে জাতীয় দলের বাইরে আছেন তিনি।

গত রোববার রাতে ব্রাজিলিয়ান লিগে করিন্থিয়ানসের বিপক্ষে ১-১ গোলে ড্র করে সান্তোস। সিরি আর ওই ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন ৩৪ বছর বয়সী এই তারকা। প্রথমার্ধের ২১তম মিনিটে গাব্রিয়েল বারবোসার সমতাসূচক গোলে অ্যাসিস্টও করেন তিনি। তার পারফরম্যান্স দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন আনচেলত্তির দুই সহকারী।

ম্যাচের পর নেইমার আবারও বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে খেলার তীব্র ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন। কিন্তু দল ঘোষণার সময় তার ফিটনেস নিয়ে সংশয় জানান আনচেলত্তি, 'নেইমার এখনও শতভাগ ফিট নয়, তাই সে খেলোয়াড়দের এই তালিকায় নেই।'

পুরোপুরি ফিট না হলে বিশ্বকাপে নেইমারের সুযোগ মিলবে না— ফের উল্লেখ করে তিনি যোগ করেন, 'নেইমার এখনও তার সামর্থ্যের শতভাগ পর্যায়ে নেই। সে যদি শারীরিকভাবে শতভাগ ফিট হতে পারে, তবেই সে দলে থাকতে পারবে। নেইমার হয়তো বিশ্বকাপে খেলতে পারে। তবে তাকে কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে, নিয়মিত খেলতে হবে এবং নিজের মান প্রদর্শনের পাশাপাশি শারীরিক ফিটনেস ধরে রাখতে হবে।'

গত জুনে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচের দায়িত্ব নেওয়া আনচেলত্তি দলে ফিরিয়েছেন এন্দ্রিককে। সবশেষ শীতকালীন দলবদলে স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ থেকে ধারে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁতে যোগ দিয়ে দারুণ ফর্মে আছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে ৬ গোল করেছেন ১৯ বছর বয়সী এই স্ট্রাইকার।

ইংলিশ ক্লাব ব্রেন্টফোর্ডের ইগর থিয়াগো প্রথমবারের মতো ব্রাজিলের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের গোলদাতাদের তালিকায় দুইয়ে আছেন ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার। ৩০ ম্যাচ খেলে তিনি করেছেন ১৯ গোল।

সেলেসাওদের হয়ে অভিষেকের অপেক্ষায় আছেন আরও চারজন। তারা হলেন ফ্লামেঙ্গোর ডিফেন্ডার লিও পেরেইরা, বোতাফোগোর মিডফিল্ডার দানিলো, গালাতাসারাইয়ের মিডফিল্ডার গাব্রিয়েল সারা ও বোর্নমাউথের ফরোয়ার্ড রায়ান।

ব্রাজিলের আক্রমণভাগ তারকায় ঠাসা। বার্সেলোনার রাফিনিয়া ও রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে আরও আছেন চেলসির জোয়াও পেদ্রো ও ম্যানচেস্টার ইউনাইটেডের মাথেয়াস কুনিয়া। তবে ফিটনেস ফিরে পাওয়ার লড়াইয়ে থাকায় সুযোগ হয়নি চেলসির আরেক ফরোয়ার্ড এস্তেভাওয়ের।

গত জানুয়ারিতে ওয়েস্টহ্যাম ইউনাইটেড থেকে ফ্লামেঙ্গোতে যোগ দেওয়া মিডফিল্ডার লুকাস পাকেতা বাদ পড়েছেন। চোটের কারণে নেই নিউক্যাসল ইউনাইটেডের ব্রুনো গিমারায়েস। ম্যানচেস্টার ইউনাইটেডের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো অবশ্য টিকে গেছেন।

আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরু হবে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠেয় এই আসরের 'সি' গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতি।

ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের স্কোয়াড:

গোলরক্ষক: আলিসন (লিভারপুল), বেন্তো (আল নাসর), এদারসন (ফেনারবাচে)

ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো (ফ্লামেঙ্গো), ব্রেমার (জুভেন্তাস), দানিলো (ফ্লামেঙ্গো), দগলাস সান্তোস (জেনিট সেন্ট পিটার্সবার্গ), গাব্রিয়েল (আর্সেনাল), রজার ইবানেজ (আল আহলি), লিও পেরেইরা (ফ্লামেঙ্গো), মার্কিনিয়োস (পিএসজি), ওয়েসলি (এএস রোমা)

মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস (চেলসি), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), দানিলো (বোতাফোগো), ফাবিনিয়ো (আল ইত্তিহাদ), গাব্রিয়েল সারা (গালাতাসারাই)

ফরোয়ার্ড: এন্দ্রিক (অলিম্পিক লিওঁ), গাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), ইগর থিয়াগো (ব্রেন্টফোর্ড), লুইজ এনরিকে (জেনিট সেন্ট পিটার্সবার্গ), মাথেয়াস কুনিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), রাফিনিয়া (বার্সেলোনা), রায়ান (বোর্নমাউথ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ) ও জোয়াও পেদ্রো (চেলসি)।