গার্সিয়ার চোট নিয়ে দুশ্চিন্তায় বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

নিউক্যাসলকে রীতিমতো উড়িয়ে দিয়েই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা। কিন্তু এমন ম্যাচের পর নতুন করে চোটের দুশ্চিন্তায় পড়েছে ক্লাবটি। ম্যাচের শেষ দিকে গোলরক্ষক হুয়ান গার্সিয়ার পেশির সমস্যায় শঙ্কা তৈরি হয়েছে কাতালান শিবিরে।

২৪ বছর বয়সী এই গোলরক্ষক ম্যাচের ৮০ মিনিটে বদলি চেয়ে বসেন। একটি শট ঠেকাতে গিয়ে ডাইভ দেওয়ার পর উঠেই বাঁ পায়ের কাফে অস্বস্তি অনুভব করেন তিনি। মুখভঙ্গিতেই স্পষ্ট ছিল ব্যথার তীব্রতা, মাঠেই শুয়ে পড়েন, এমনকি মোজা নামিয়ে নিজেই ব্যথার জায়গা পরীক্ষা করতে দেখা যায় তাকে।

প্রথম দলের মেডিকেল স্টাফ দ্রুত মাঠে ঢুকে পরিস্থিতি পর্যালোচনা করে এবং বেঞ্চকে বদলির ইঙ্গিত দেয়। যদিও নিজের পায়ে হেঁটেই মাঠ ছাড়েন জোয়ান গার্সিয়া, তবে তার হতাশা ছিল চোখে পড়ার মতো।

তার জায়গায় নামেন বয়েচেক শেজনি। ৩৫ বছর বয়সী এই পোলিশ গোলরক্ষক বেঞ্চে অপেক্ষায় ছিলেন, কিন্তু ওয়ার্ম-আপের সুযোগ না পেয়েই মাঠে নামতে হয় তাকে। তবুও দারুণ আত্মবিশ্বাস নিয়ে পোস্টের নিচে দাঁড়িয়ে বার্নসের একটি শট ঠেকিয়ে নিজের উপস্থিতি জানান দেন তিনি। এর মধ্য দিয়েই বার্সেলোনার জার্সিতে ক্যাম্প ন্যুতে অভিষেক হয়ে গেল তার।

স্বাভাবিকভাবেই এখন সব নজর হুয়ান গার্সিয়ার চোটের দিকে। মার্চের শেষ দিকে ফিফা আন্তর্জাতিক ম্যাচের জন্য স্পেন দলে ডাক পাওয়ার সম্ভাবনা ছিল তার। ম্যাচ শেষে কোচ হ্যান্সি ফ্লিক জানান, চোটটি গুরুতর মনে হচ্ছে না। ক্লাব সূত্রও বলছে, বড় কোনো বিপত্তি নয় বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে নিশ্চিত হতে আগামীকাল মেডিকেল পরীক্ষা করা হবে।

রোববারের রায়ো ভায়াকানো ম্যাচে তাকে নাও দেখা যেতে পারে, তবে আন্তর্জাতিক বিরতির পর ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

এদিকে প্রথমার্ধেই পেশির সমস্যায় মাঠ ছাড়েন এরিক গার্সিয়া। তবে তার ক্ষেত্রে বিষয়টি গুরুতর নয়, উচ্চ গতির ম্যাচে চোট এড়াতেই সতর্কতামূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।