দলের সবার মধ্যে এখন দারুণ বোঝাপড়া: জামাল ভূঁইয়া

ক্রীড়া প্রতিবেদক

হামজা চৌধুরী ও শমিত সোমের মতো ফুটবলাররা দলে আসায় বেশ ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ। অধিনায়ক জামাল ভূঁইয়া জানিয়েছেন, প্রবাসী ও স্থানীয় খেলোয়াড়দের মধ্যে এখন আর ‘কোনো পার্থক্য’ নেই। আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।

বৃহস্পতিবার ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন শেষে জামাল সাংবাদিকদের বলেন, ‘এক বছর হয়ে গেল, দলের সবার মধ্যে এখন দারুণ বোঝাপড়া। সবার সঙ্গে সবার সম্পর্ক খুব ভালো।’

তিনি আরও বলেন, ‘আমাদের আড্ডা, গল্প—সবই এক। তাই প্রবাসী বা স্থানীয় বলে আলাদা কিছু নেই।’

গত নভেম্বরের পর চার মাসের বিরতি কাটিয়ে আবারও মাঠে নেমেছে লাল-সবুজের দল। জামাল জানান, ‘আমরা চার মাস পর অনুশীলন শুরু করেছি। হামজা দুই দিন পর যোগ দিলে আমরা পুরো দল একসঙ্গে পাব.’

সিঙ্গাপুর ম্যাচ ঘিরেই যে মূল পরিকল্পনা, সেটিও পরিষ্কার করেছেন অধিনায়ক। তার মতে, ‘সিঙ্গাপুরের বিপক্ষে আমরা কীভাবে খেলব, তা নিয়েই প্রস্তুতি চলছে। ওই ম্যাচে ফরমেশনে কিছু পরিবর্তন দেখা যেতে পারে। হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের প্রথমার্ধে আমরা যেভাবে খেলেছিলাম, সেভাবেই লড়ার পরিকল্পনা আছে আমাদের।’

এদিকে কোচ হাভিয়ের কাবরেরা জানান, বুধবার ঝড়ের কারণে অনুশীলনে কিছুটা বিঘ্ন ঘটলেও ফুটবলাররা দ্রুত মানিয়ে নিয়েছেন, ‘গতকাল ঝড়ের কারণে আমাদের কপাল খারাপ ছিল, তবে এমনটা হতেই পারে। আমরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিচ্ছি।’

ভিয়েতনামের শক্তি সম্পর্কে কোচ বলেন, ‘কাগজে-কলমে ভিয়েতনাম শক্তিশালী দল। তবে দুই দলের সঙ্গেই পাল্লা দেওয়ার ক্ষমতা আমাদের আছে। আমরা জয়ের মানসিকতা নিয়েই মাঠে নামব।’