পিএসজির কাছে হারলেও হাল ছাড়ছেন না স্লট

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজির দাপটের সামনে কার্যত কোণঠাসা ছিল লিভারপুল। বুধবার রাতে ফ্রান্সের রাজধানীতে ২-০ গোলে হারলেও লিভারপুল কোচ আর্নে স্লট মনে করেন, তার দল এখনো লড়াইয়ে টিকে আছে। ফিরতি লেগ নিজেদের মাঠ অ্যানফিল্ডে হওয়ায় অলরেডরা ঘুরে দাঁড়াতে পারবে বলে বিশ্বাস এই ডাচ কোচের।

ম্যাচের শুরু থেকেই লিভারপুলকে চেপে ধরে লুইস এনরিকের শিষ্যরা। দেজিরে দুয়ের গোলে শুরুতেই লিড নেয় পিএসজি। এরপর ম্যাচের দ্বিতীয় ভাগে ব্যবধান দ্বিগুণ করেন খভিচা কভারাতসখেলিয়া। পুরো ম্যাচে ৭০ শতাংশ বল দখল আর ১৮টি শট নিয়ে পিএসজি কতটা প্রভাব বিস্তার করেছিল, তা স্পষ্ট। বিপরীতে লিভারপুল শট নিতে পেরেছে মাত্র ৩টি।

শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিজের দল পিছিয়ে ছিল তা অকপটে স্বীকার করেন স্লট, 'আজ পিএসজি অনেক ভালো খেলেছে। তারা দুইয়ের বেশি গোল করতে পারত। তবে ইতিবাচক দিক হলো, লিভারপুলের খেলোয়াড়রা লড়াই করার মানসিকতা দেখিয়েছে এবং হাল ছাড়েনি।'

ম্যাচে লিভারপুলের রণকৌশল নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আক্রমণভাগের সেরা অস্ত্র মোহাম্মদ সালাহকে পুরো সময় বেঞ্চে বসিয়ে রেখেছিলেন স্লট। এমনকি দল যখন গোল শোধ করতে মরিয়া, তখনও তাকে মাঠে নামানো হয়নি।

এর ব্যাখ্যায় স্লট বলেন, 'ম্যাচের শেষ দিকে আমাদের গোল করার চেয়ে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ ছিল। সালাহকে নিজেদের বক্সে ২০-২৫ মিনিট রক্ষণ সামলানোর জন্য নামানোর চেয়ে তার শক্তি পরবর্তী ম্যাচগুলোর জন্য জমিয়ে রাখাটাই আমি শ্রেয় মনে করেছি।'

পিএসজির দুই উইং-ব্যাক আশরাফ হাকিমি ও নুনো মেন্দেসের আক্রমণ ঠেকাতে তিন সেন্ট্রাল ডিফেন্ডার (গোমেজ, কোনাতে ও ফন ডাইক) নিয়ে দল সাজিয়েছিলেন স্লট। এই কৌশলের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, পিএসজির মতো দলের বিপক্ষে আমাদের 'সারভাইভাল মোড' বা টিকে থাকার লড়াইয়ে থাকতে হয়েছে।

আগামী মঙ্গলবার ফিরতি লেগে ঘরের মাঠে নামার আগে প্রিমিয়ার লিগে ফুলহ্যামের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে লিভারপুলের। পয়েন্ট তালিকায় বর্তমানে পঞ্চম স্থানে থাকা অলরেডদের জন্য আগামী সপ্তাহটি মৌসুমের ভাগ্য নির্ধারণী হতে যাচ্ছে। গত মৌসুমেও শেষ ১৬-তে অ্যানফিল্ডে পেনাল্টি শ্যুটআউটে লিভারপুলকে বিদায় করেছিল পিএসজি।