‘সেরা লেফট-ব্যাকের বিপক্ষেও সে যা ইচ্ছে তাই করেছে’
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে পিএসজি এবং বায়ার্ন মিউনিখের মধ্যে এক অবিশ্বাস্য লড়াই হয়েছে। যেখানে ৫-৪ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে হেরেছে বাভারিয়ানরা। তবে ম্যাচ হারলেও মাইকেল ওলিসের দুর্দান্ত পারফরম্যান্সে দারুণ মুগ্ধ হয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা টনি ক্রুস।
নিজের পডকাস্ট 'আইনফাখ মাল লুপেন'-এ ওলিসের প্রথমার্ধের পারফরম্যান্স নিয়ে ক্রুস বলেন, 'স্রেফ অসাধারণ।' এই ফরাসি রাইট উইঙ্গারের তৈরি করে দেওয়া সুযোগ থেকেই ফাউলের শিকার হয়ে পেনাল্টি আদায় করে নেন লুইস দিয়াজ (২০ মিনিট), জোয়াও নেভেসকে প্রায় আত্মঘাতী গোল করতে বাধ্য করেন (৩২ মিনিট) এবং দারুণ ফিনিশিংয়ে ২-২ গোলে সমতা ফেরান তিনি (৪১ মিনিট)।
বিশ্বের অন্যতম সেরা লেফট-ব্যাক হিসেবে বিবেচিত নুনো মেন্ডেস এদিন ওলিসেকে আটকাতে রীতিমতো সংগ্রাম করেছেন। ক্রুস মন্তব্য করেন, 'আমার মতে যে বিশ্বের সেরা লেফট-ব্যাক, তার বিপক্ষে সে যা ইচ্ছে তাই করেছে।' অথচ, সাম্প্রতিক অতীতে মেন্ডেস 'অনেক ভালো ভালো রাইট-উইঙ্গারকে অনায়াসেই আটকে রেখেছিলেন'।
২৩ বছর বয়সী এই পর্তুগিজ তারকা হয়তো কী ভাবছিলেন, সেটিরও একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছেন ক্রুস, 'ইশ, এই তো এমন একজন যার চেয়ে আমি শারীরিকভাবে শক্তিশালী নই, আর এটি সামলানো বেশ কঠিন ব্যাপার।'
ধারাবাহিকভাবে এমন নজরকাড়া পারফরম্যান্স দিয়ে চলতি মৌসুমে ব্যালন ডি'অর জয়ের দৌড়েও নিজেকে শামিল করেছেন ওলিসে। ২৪ বছর বয়সী এই তারকা ৪৭টি প্রতিযোগিতামূলক ম্যাচে এ পর্যন্ত ২০টি গোল করার পাশাপাশি ২৯টি অ্যাসিস্ট করেছেন।
আগামী বুধবার রাতে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন এবং পিএসজির মধ্যকার দ্বিতীয় লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে।